• facebook
  • twitter
Thursday, 19 March, 2026

ভোটের আগে ফের রদবদল, আরও দুই আমলা ভিন রাজ্যের অবজার্ভার

সাধারণত অবজার্ভাররা সংশ্লিষ্ট রাজ্যে ভোট প্রক্রিয়ার উপর সরাসরি নজরদারি চালিয়ে কমিশনকে রিপোর্ট দেন। ফলে এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রতীকী চিত্র

নির্বাচনের আবহে প্রশাসনিক স্তরে নজরদারি আরও কড়া করতে এবার রাজ্যের আরও দুই শীর্ষ আমলাকে অন্য রাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সদ্য ঘোষিত এই পদক্ষেপেই নতুন করে চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের সিনিয়র বিশেষ সচিব প্রিয়াঙ্কা শিঙ্গলা এবং শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের সচিব তথা পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্য কর্পোরেশনের চেয়ারম্যান-সহ ম্যানেজিং ডিরেক্টর পি মোহন গান্ধীকে অবজার্ভার করে অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। প্রথমে প্রকাশিত তালিকায় তাঁদের নাম না থাকলেও, আচমকাই সংশোধিত তালিকায় যুক্ত করে দ্রুত দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, এর আগে পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য এবং খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকেও একইভাবে ভিনরাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানো হয়েছিল। পাশাপাশি, অপসারিত স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও ভোট-পর্যবেক্ষকের দায়িত্বে নিয়োগ করা হয়েছে।

Advertisement

পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যে জারি হয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। এই প্রেক্ষিতে পরপর একাধিক শীর্ষ আধিকারিককে অন্য রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত কমিশনের কড়া অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে প্রশাসনিক মহলের একাংশ। যদিও শেষ মুহূর্তে অবজার্ভার তালিকায় এই পরিবর্তনের কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে বিশেষজ্ঞদের মতে, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন প্রয়োজনে এই ধরনের হস্তক্ষেপ করতেই পারে।

উল্লেখ্য, সাধারণত অবজার্ভাররা সংশ্লিষ্ট রাজ্যে ভোট প্রক্রিয়ার উপর সরাসরি নজরদারি চালিয়ে কমিশনকে রিপোর্ট দেন। ফলে এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Advertisement