তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে উত্তেজনা দেখা দিয়েছে। চারবারের বিধায়ক ও জেলা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায়কে এবার প্রার্থী না করায় ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। তাঁর পরিবর্তে দল প্রার্থী করেছে অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মনকে, যিনি সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন।
নিজের নাম তালিকায় না দেখে অনুগামীদের নিয়ে প্রকাশ্যে অসন্তোষ উগরে দেন খগেশ্বর। তিনি অভিযোগ করেন, দল তাঁর সঙ্গে অবিচার করেছে। ২০০৯ সালের উপনির্বাচন থেকে শুরু করে টানা চারবার রাজগঞ্জে জয় এনে দেওয়ার পরও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। এমনকি বিস্ফোরকভাবে দাবি করেন, ‘আমি টাকার কাছে হেরে গেলাম।’
Advertisement
দীর্ঘদিন ধরে রাজগঞ্জে সংগঠনের শক্তিশালী মুখ হিসেবে পরিচিত খগেশ্বর রায়ের প্রভাব এখনও উল্লেখযোগ্য। ফলে তাঁকে সরিয়ে নতুন মুখ আনা নিয়ে দলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। অন্যদিকে, স্বপ্না বর্মনের মতো জনপ্রিয় ক্রীড়াবিদকে প্রার্থী করে যুব ভোট টানার চেষ্টা করছে তৃণমূল।
Advertisement
এই সিদ্ধান্তের প্রতিবাদে দলের জেলা চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন খগেশ্বর রায়। যদিও ভবিষ্যতে তিনি কী রাজনৈতিক পদক্ষেপ নেবেন, তা এখনও স্পষ্ট করেননি। ভোটের আগে এই পরিস্থিতি তৃণমূলের অন্দরে কতটা প্রভাব ফেলবে, সেদিকে নজর রাজনৈতিক মহলের।
Advertisement



