কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন রোগীর মৃত্যুর পর তদন্তে ছয় সদস্যের একটি সত্য অনুসন্ধানকারী দল গঠন করল ওডিশা সরকার। সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জারি করা নির্দেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে উন্নয়ন কমিশনার দেওরঞ্জন কুমার সিংহকে তদন্তকারী দলের চেয়ারম্যান করা হয়েছে। দলে রয়েছেন অগ্নি পরিষেবা বিভাগের মহাপরিদর্শক ডাঃ উমাশঙ্কর দাশ, প্রধান বিদ্যুৎ পরিদর্শক বরদা প্রসন্ন দাশ, নগর জনস্বাস্থ্য দপ্তরের ইআইসি বিরিঞ্চি নারায়ণ প্রধান, ভবন বিভাগের প্রধান প্রকৌশলী প্রিয়ব্রত সমন্তরায় এবং চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের অধিকর্তা অধ্যাপক ডাঃ সন্তোষ কুমার মিশ্র।
Advertisement
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত রিপোর্ট জমা দেবে। নির্দেশে বলা হয়েছে, দলটি হাসপাতালে গিয়ে তদন্ত শেষে মুখ্যসচিবের কাছে রিপোর্ট দেবে।
Advertisement
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোররাত প্রায় আড়াইটা থেকে তিনটার মধ্যে ট্রমা কেয়ার সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লাগে। অনুমান করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।
ঘটনার পর মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করে মৃতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন।
Advertisement



