• facebook
  • twitter
Monday, 16 March, 2026

বাংলার ৬০ লক্ষ ভোটার বিবেচনাধীন, সুপ্রিম কোর্টের পথে সিপিএম

সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিবেচনাধীন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে ভোটের দিন ঘোষণা করায় আপত্তি জানিয়েছে সিপিএম। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

রবিবার বিকেলে নির্বাচন কমিশন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে। এরপরই সেলিম প্রশ্ন তোলেন, সম্পূর্ণ ভোটার তালিকা চূড়ান্ত না করে কীভাবে নির্বাচন ঘোষণা করা হল। তাঁর দাবি, এই ৬০ লক্ষ ভোটার শুধু বিবেচনাধীনই নন, কার্যত তাঁদের ভোটাধিকারও অনিশ্চিত হয়ে পড়েছে।

Advertisement

সেলিম বলেন, ‘এই ৬০ লক্ষ মানুষ শুধু ভোট দেওয়া থেকে বঞ্চিত হতে পারেন এমন নয়, তাঁরা চাইলে প্রার্থী হিসেবেও দাঁড়াতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদি পরে সম্পূরক বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়, তাহলে তাঁদের ভোটাধিকার থাকলেও নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার কোথায় থাকবে?’

Advertisement

তিনি আরও জানান, এই বিষয়টি আগেই নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছিল সিপিএম। দলের মতে, সম্পূর্ণ তালিকা প্রকাশের আগে ভোট ঘোষণা করলে আইনি জটিলতা তৈরি হতে পারে। সেই কারণেই বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে তাঁরা।

একই ইস্যুতে সরব হয়েছেন আইএসএফের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীও। তাঁর প্রশ্ন, বিচারাধীন তালিকায় থাকা কেউ যদি প্রার্থী হতে চান, তাহলে তিনি কীভাবে নির্বাচনে অংশ নেবেন? নওশাদের মতে, এত বড় সংখ্যক ভোটার অনিশ্চয়তার মধ্যে থাকলে গণতন্ত্রের উৎসব অসম্পূর্ণ থেকে যাবে।

তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই বিষয়ে সরব হওয়ার আবেদন জানিয়েছেন। প্রয়োজনে ভোট বয়কটের ডাক দেওয়ার কথাও বলেছেন তিনি। এদিকে সূত্রের খবর, খুব শিগগিরই একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হতে পারে। জানা গিয়েছে, বিবেচনাধীন ৬০ লক্ষ নামের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ১৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে।

Advertisement