• facebook
  • twitter
Monday, 16 March, 2026

তৃণমূলের আপত্তির মধ্যেই রাষ্ট্রপতির প্রাতঃরাশে সৌগত রায়

এবারের অধিবেশনেও সেই অনুযায়ী আমন্ত্রণ গিয়েছিল তৃণমূলের সাংসদদের কাছে

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রাতঃরাশ বৈঠক ঘিরে নতুন করে বিতর্ক তৃণমূলের অন্দরে। দলের আপত্তি সত্ত্বেও তৃণমূল সাংসদ সৌগত রায়ের সেখানে উপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনা বাড়িয়েছে।

দিল্লিতে সংসদের অধিবেশন চলাকালীন সময় প্রায়ই রাষ্ট্রপতি ভবনে সাংসদদের নিয়ে প্রাতঃরাশ বৈঠকের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের আমন্ত্রণ জানানো হয়। এবারের অধিবেশনেও সেই অনুযায়ী আমন্ত্রণ গিয়েছিল তৃণমূলের সাংসদদের কাছে।

Advertisement

কিন্তু তৃণমূল আগেই জানিয়ে দেয়, তাঁরা এই অনুষ্ঠানে যোগ দেবে না। দলের তরফে বলা হয়, বর্তমানে রমজান মাস চলছে। এই সময় মুসলিম সম্প্রদায়ের মানুষ দিনভর উপবাস করেন। দলের মুসলিম সাংসদদের প্রতি সহমর্মিতা দেখাতেই এই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক রাষ্ট্রপতি ভবনকে এই সিদ্ধান্তের কথা জানান।

Advertisement

তবে সেই সিদ্ধান্তের মধ্যেই সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত হন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। বিষয়টি সামনে আসতেই শুরু হয় জোর রাজনৈতিক আলোচনা। তৃণমূলের লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় বলেন, ‘দিদি বুঝবেন, সৌগতদা যা করেছেন তা দলের কাজের সঙ্গে কতটা মানানসই।’

অন্যদিকে, বিজেপি নেতা মনোজ টিগ্গা কটাক্ষ করে বলেন, সৌগত রায় সম্ভবত দলের সিদ্ধান্ত মানেননি। যদিও সংসদে বর্ষীয়ান সাংসদ হিসেবে সৌগত রায়কে সব দলের সাংসদই সম্মান করেন। অনেকেই তাঁকে মজা করে ‘গুগল আঙ্কেল’ বলেও ডাকেন।

তবে শেষ পর্যন্ত তৃণমূল সূত্রে জানানো হয়েছে, এই ঘটনাকে দলবিরোধী হিসেবে দেখা হচ্ছে না। কারণ, রাষ্ট্রপতির প্রাতঃরাশ বৈঠকে যোগ দেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে দলের তরফে কোনও হুইপ বা লিখিত নির্দেশ জারি করা হয়নি। তাই সৌগত রায়ের উপস্থিতি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।

Advertisement