বর্তমানে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে উত্তাল গোটা বিশ্ব। তবে, এই পরিস্থিতিতেও বিশ্বকাপ ফুটবল যোগ্যতা অর্জন পর্বের প্লেঅফ ম্যাচ খেলতে চলেছে ইরাক। কয়েক দিনের চূড়ান্ত অনিশ্চয়তার পর অবশেষে সেই দেশের ফুটবল সংস্থা এই ম্যাচ খেলতে মেক্সিকোয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৩১ মার্চ বলিভিয়া-সুরিনাম ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে ইরাক।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন, ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আদনান দিরজাল। জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষে ইরাকের জাতীয় দল মেক্সিকো যাবে। সেজন্য দলের ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফদের জন্য একটি ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করা হয়েছে। ইরাক ফুটবলের সভাপতি আরও বলেছেন, জাতীয় দলের ফুটবলাররা যে ক্লাবে খেলে, তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হয়েছে। ফুটবলাররা যাতে নির্দিষ্ট সময় জাতীয় দলে যোগ দিতে পারে, ক্লাবগুলিকে তার ব্যবস্থা করতে বলা হয়েছে।
Advertisement
তবে, যুদ্ধ পরিস্থিতির জন্য দেশে প্রস্তুতি শিবির করাতে পারেননি ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড। শুধু তাই নয়, বিমান চলাচল বন্ধ থাকায় তিনি আপাতত সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে রয়েছেন। এহেন পরিস্থিতিতে মেক্সিকোয় গিয়ে জাতীয় দলের প্রস্তুতির জন্য ফিফার কাছে বিশেষ সাহায্য চেয়েছে ইরাকের ফুটবল সংস্থা। পাশাপাশি, ইরাকের জাতীয় দলের অধিকাংশ ফুটবলারই বিভিন্ন দেশের ক্লাবে খেলেন। কিন্তু, যুদ্ধ পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ থাকায় তাঁরা হোস্টনের প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেননি। ফলে, বিষয়টি নিয়ে যথেষ্ট সমস্যায় পড়েছেন ইরাকের কোচ।
Advertisement
এই প্রসঙ্গে বলা যায়, ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করেছিল ইরাক। এবার ফের একবার তাদের কাছে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ রয়েছে বলে মনে করছেন কোচ আর্নল্ড। আর সেজন্য, মেক্সিকো সিটিতে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচ জিততে বদ্ধপরিকর তিনি।
Advertisement



