দক্ষিণ ২৪ পরগনায় যেতে গিয়ে আবার মানবিকতার পরিচয় দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তার ধারে এক বৃদ্ধ সাইকেল থেকে পড়ে যাওয়ার ঘটনা দেখে নিজের কনভয় থামিয়ে সাহায্যের জন্য ছুটে যান তিনি। মুহূর্তের এই ঘটনায় উপস্থিত মানুষজন দেখলেন তাঁর অন্য এক মানবিক রূপ।
রবিবার পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর এলাকার শিবমন্দির বড় কাছারি সংলগ্ন অঞ্চলের উদ্দেশে রওনা হয়েছিলেন। প্রায় এক বছর আগে ওই এলাকায় ভয়াবহ আগুন লেগে শিবমন্দির লাগোয়া বহু দোকান ও বাজার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সেই সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন করে দোকানঘর তৈরি করে দেওয়ার। সেই প্রতিশ্রুতির কাজ শেষ হওয়ায় এদিন তিনি নিজেই দোকানদারদের হাতে নতুন দোকানের চাবি তুলে দিতে যাচ্ছিলেন।
Advertisement
এই সময়েই পথে ঘটে অপ্রত্যাশিত একটি ঘটনা। উল্টো দিক দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত এক বৃদ্ধ হঠাৎ পড়ে যান। ঘটনাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ পড়ে। সঙ্গে সঙ্গে তিনি নিজের কনভয় থামানোর নির্দেশ দেন। গাড়ি থামতেই দ্রুত নেমে গিয়ে বৃদ্ধের কাছে পৌঁছে যান তিনি।
Advertisement
সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরাও সেখানে পৌঁছে যান। বৃদ্ধকে রাস্তা থেকে তুলে দাঁড় করানো হয়। অভিষেক নিজে খোঁজ নেন বৃদ্ধের কোথাও আঘাত লেগেছে কি না এবং তিনি ঠিক আছেন কি না। এমনকি বৃদ্ধ আবার সাইকেল চালিয়ে যেতে পারবেন কি না তাও জানতে চান তিনি। নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন বৃদ্ধকে নিরাপদে এগিয়ে দেওয়ার জন্য।
বৃদ্ধের অবস্থা স্বাভাবিক দেখে তবেই আবার নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেন তিনি। পরে শিবমন্দির বড় কাছারি এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে নতুন দোকানঘরের চাবি তুলে দেন সাংসদ। একদিকে প্রতিশ্রুতি রক্ষা, অন্যদিকে পথচলতি এক সাধারণ মানুষের পাশে দাঁড়ানো—এই দুই ঘটনার মধ্য দিয়েই দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপ।
Advertisement



