• facebook
  • twitter
Sunday, 15 March, 2026

সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-র কাছে পয়েন্ট নষ্ট করল সবুজ-মেরুন ব্রিগেড

দ্বিতীয় পর্বে শুরু থেকেই সুনীল ছেত্রী ও রায়ান উইলিয়ামসের যৌথ আক্রমণ দেখতে পাওয়া যায়। বারবার মোহনবাগানের রক্ষণভাগে তাঁরা প্রবেশ করতে থাকেন।

মোহনবাগান সুপারজায়ান্টস প্রথম পয়েন্ট নষ্ট করল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-র কাছে। খেলা শেষ হল গোলশূন্য ভাবে। গত ম্যাচে ওড়িশা এফসি-কে বড় ব্যবধানে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস প্রথম অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে সেইভাবে সাহসী ভূমিকা নিতে পারল না। খেলার প্রথমার্ধে দুই পক্ষের আক্রমণ ও পাল্টা আক্রমণে যেভাবে ম্যাচের সময় গড়িয়েছে, তাতেই বোঝা গিয়েছিল খেলা কঠিন লড়াইয়ের মধ্যে রয়েছে। বিশেষ করে বেঙ্গালুরু দলে বাড়তি সুবিধা ছিল তারা ঘরের মাঠে খেলছে। আবার সুনীল ছেত্রীদের সমর্থন জানাতে দর্শকদের ভিড়ও লক্ষ্য করা গিয়েছে।

মোহনবাগান সুপার জায়ান্টস দলে রবসন ছাড়াই প্রথম একাদশ গড়তে হয়েছে। তবে অস্ট্রেলিয়ার স্ট্রাইকার জ্যামি ম্যাকরালেন গত ম্যাচে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছিলেন। সেই কারণে ম্যাকলারেনের প্রতি বিশেষ নজর দিয়েছিলেন বেঙ্গালুরুর ফুটবলাররা। তাঁকে বোতলবন্দি করে রাখার অঙ্কটা আগেই তৈরি করে ফেলেছিলেন কোচ রেনেডি সিং। মাঝ মাঠ থেকে আক্রমণ করার চেষ্টায় মোহনবাগান বারবার ব্যর্থ হয়েছে। কোচ সার্জিও লোবেরো যেভাবে আক্রমণ শানানোর পরিকল্পনা নিয়েছিলেন, তা কিন্তু প্রথম পর্বে জেমি ম্যাকলারেনরা প্রকাশ করতে পারেননি। তবে মোহনবাগান ও বেঙ্গালুরু দল দু’টি সহজ সুযোগ হাতছাড়া করে। খেলার প্রথমার্ধে কোনও পক্ষই গোল করতে পারেনি।

Advertisement

দ্বিতীয় পর্বে শুরু থেকেই সুনীল ছেত্রী ও রায়ান উইলিয়ামসের যৌথ আক্রমণ দেখতে পাওয়া যায়। বারবার মোহনবাগানের রক্ষণভাগে তাঁরা প্রবেশ করতে থাকেন। এমনকি বেঙ্গালুরু একটি কর্নারও আদায় করে নেয়। সেই কর্নার থেকে গোল করার সুযোগ এসে যায়। কিন্তু মোহনবাগানের গোলরক্ষকের তৎপরতায় তা ব্যর্থ হয়। সুনীলের পায়ে বড় পড়লেই সবুজ-মেরুন শিবিরের রক্ষণভাগে ত্রাহি ত্রাহি রব পড়তে থাকে। হঠাৎ আক্রমণে উঠে এসে মোহনবাগানের জেমি ম্যাকলারেনের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে মোহনবাগান কোচ কামিংস ও মেহতাবকে নামিয়ে প্রতিপক্ষ বেঙ্গালুরুকে চাপে রাখার কৌশল নেন। খেলার একেবারে শেষ মুহূর্তে মোহনবাগান কোচ লোবেরো কিয়ান নাসিরিকে নামিয়েও খেলার ফলাফলে কোনও পরিবর্তন করতে পারেননি। শেষ পর্যন্ত গোলশূন্য ভাবেই খেলা শেষ করে প্রথম পয়েন্ট নষ্ট করল মোহনবাগান সুপার জায়ান্টস। এদিন মোহনবাগান গোল করার মতো বারবার সুযোগ পেয়েও গোল করতে পারেনি।

Advertisement

Advertisement