মীনাক্ষী ভট্টাচার্য
দিল্লি, ১২ মার্চ- লোকসভার স্পিকারের পর এবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে স্বাক্ষর করেছেন ১৯৩ জন সাংসদ। এর মধ্যে শুধু লোকসভাতেই স্বাক্ষর রয়েছে ১৩০ জন সাংসদের। রাজ্যসভাতেও সই করেছেন ৬৩ জনের বেশি।
Advertisement
জ্ঞানেশের বিরুদ্ধেও এবার একজোট ইন্ডিয়া ব্লক। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে প্রথমে উদ্যোগী হয় তৃণমূল। ক্রমশ তৃণমূলের পাশে এসে দাঁড়ায় অন্য বিরোধীরা। সূত্রের খবর, জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করার আবেদন জানিয়ে ১০ পাতার নোটিস লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা পড়তে চলেছে। একইভাবে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণাণের কাছেও জমা পড়বে জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করার আবেদন জানিয়ে ১০ পাতার নোটিস। দুই সভার বিরোধী সদস্যদের সই সংগ্রহর কাজ আপাতত তুঙ্গে। তৃণমূলের হয়ে দলের পক্ষে লোকসভায় শতাব্দী রায় এবং রাজ্যসভায় নাদিমুল হক উদ্যোগ নিয়ে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রয়োজনের অতিরিক্তই সই সংগ্রহ করতে সমর্থ হয়েছেন।
Advertisement
লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করার জন্য প্রয়োজন ন্যূনতম ১০০ এবং রাজ্যসভার জন্য ন্যূনতম ৫০ সাংসদের স্বাক্ষর। সূত্রের খবর, ইতিমধ্যেই লোকসভায় ১৩০ এবং রাজ্যসভায় ৬০ সাংসদের স্বাক্ষর হয়ে গিয়েছে। দলের কাজে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায়। এখনই তিনি দিল্লি যাচ্ছেন না। যেহেতু জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে তৃণমূলই প্রথম উদ্যোগী হয়, তাই কলকাতায় ইমপিচমেন্ট প্রস্তাবের চিঠির কপি পাঠিয়ে অভিষেকের সই সংগ্রহ করে নিয়ে আসা হবে। শুক্রবার সংসদের দুই কক্ষেই তা জমা দেওয়া হবে।
কংগ্রেস ছাড়াও সমাজবাদী পার্টি, ডিএমকে, শিবসেনার মতো দলও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন জানিয়ে সই করতে বিশেষ আগ্রহ দেখিয়েছে। দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনও মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আসতে চলেছে। তাই বিষয়টি নিয়ে তৃণমূলের পক্ষ থেকেও আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
তবে এই ইমপিচমেন্ট প্রস্তাবে লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা যথাক্রমে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে স্বাক্ষর করবেন না। তৃণমূলের এক নেতা জানিয়েছেন, এই ধরনের প্রস্তাবে সাধারণত বিরোধী দলনেতারা সই করেন না। তবে কংগ্রেসের কেসি বেণুগোপাল, গৌরব গগৈ থেকে শুরু করে পি চিদম্বরম, অভিষেক মনু সিংভি সবাই সই করেছেন। এবার জ্ঞানেশ কুমারকে সরাতে বিরোধীরা একজোট।
সূত্রের খবর, জ্ঞানেশের বিরুদ্ধে নোটিসে পক্ষপাতদুষ্ট এবং বৈষম্যমূলক আচরণ-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি নির্বাচনে জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো অভিযোগও রয়েছে।
Advertisement



