• facebook
  • twitter
Tuesday, 10 March, 2026

বহুতল নির্মাণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, দেওয়াল ভেঙে গুরুগ্রামে মৃত ৭

এর ফলে কংক্রিটের নিচে চাপা পড়েন ১৫-২০ জন শ্রমিক

হরিয়ানার গুরগ্রামে একটি বহুতলে নিমার্ণকাজ চলাকালীন দেওয়াল ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।  কমপক্ষে সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও চারজন গুরুতর আহত হয়েছে বলে খবর। সোমবার সন্ধ্যায় সিধরাওয়ালি এলাকার একটি আবাসনে কাজ চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হঠাৎ জোরে শব্দ করে একটি দেওয়াল ভেঙে পড়ে। সেই সময় সেখানে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। দেওয়াল ধসে পড়ার সঙ্গে সঙ্গে প্রায় ১২ থেকে ১৫ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ, প্রশাসনের আধিকারিকরা এবং এসডিআরএফের উদ্ধারকারী দল।

Advertisement

এরপরই শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হয় ভারী যন্ত্রপাতি। প্রায় এক ঘণ্টা ধরে টানা তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের একে একে বের করে আনা হয়। উদ্ধার হওয়া শ্রমিকদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে চিকিৎসকরা সাতজনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত চারজন শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

নিহতদের পরিবারের এক সদস্য অভিযোগ করেছেন, মাটি ধসে যাওয়ার কারণেই দেওয়ালটি ভেঙে পড়ে। তাঁর দাবি, দুর্ঘটনার পর তাঁরা ঘটনাস্থলে পৌঁছলেও নির্মাণকারী সংস্থার কোনও আধিকারিক তাঁদের সঙ্গে দেখা করতে আসেননি। তাঁদের বক্তব্য, সংস্থার কর্তৃপক্ষ দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকদের দেহ ময়নাতদন্তের জন্য জেলা সরকারি হাসপাতালে রাখা হয়েছে। একই সঙ্গে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের তরফে  বলা হয়েছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement