• facebook
  • twitter
Saturday, 7 March, 2026

‘লজ্জা ঢাকার কোনও জায়গা নেই’ বিজেপিকে নিশানা মমতার

এসআইআর ‘যৌথ ষড়যন্ত্র’ আক্রমণ মুখ্যমন্ত্রীর

সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো তথা  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  শুক্রবার কলকাতা মেট্রো চ্যানেলের সামনে ধরনামঞ্চে উপস্থিত হন তিনি। রাজ্যের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে কেন্দ্র ও নির্বাচন কমিশনের ‘যৌথ ষড়যন্ত্র’ হিসেবে আক্রমণ করেন।

যোগ্য ভোটারদের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দেন তৃণমূল সুপ্রিমো। মঞ্চ থেকে মমতা বার্তা দেন, ‘এটা রাজনীতির মঞ্চ নয়, কেউ রাজনৈতিক স্বার্থে হস্তক্ষেপ করবেন না। মানুষের স্বার্থে শুধু এসআইআরের প্রতিবাদ কর্মসূচি।‘

Advertisement

ধরনা শুরুর কয়েক মিনিট আগে মঞ্চে হাজির হন মমতা। উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন শাখার কর্মীরা, রাজ্যসভার মনোনীত প্রার্থী রাজীব কুমার, মানেকা গুরুস্বামী, কবি জয় গোস্বামী, গায়ক ও সুরকার কবীর সুমন- সহ তৃণমূলের একাধিক সাংসদ ও বিধায়ক। মঞ্চে দেখা যায় সদ্য তৃণমূলে যোগ দেওয়া সিপিএমের প্রাক্তন যুব নেতা প্রতীক উর রহমানকেও।

Advertisement

ধরনার শুরুতেই মমতা কেন্দ্রীয় শাসকদল বিজেপি  ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি, তার দালাল কমিশন। বেঁচে থাকা সত্ত্বেও তালিকায় প্রচুর মানুষকে মৃত দেখানো হয়েছে। আমরা তাদের খুঁজে বের করেছি। আগামী দিনেও মঞ্চে ‘মৃত’ ভোটারদের হাজির করাব।‘

শুক্রবার এই ধরনা কর্মসূচি হবে বলে আগেই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মেট্রো চ্যানেলে পাকাপাকি ভাবে ধরনা মঞ্চ তৈরি করা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, এই ধরনা কর্মসূচি আরও বেশ কিছুদিন চলবে বলেই জানা গিয়েছে।

এ দিন ধরনার শুরুতে মঞ্চে হাজির হয়েছিলেন উত্তর ২৪ পরগনার মিনাখাঁর রামকৃষ্ণ সারদা মিশনের  এক সন্ন্যাসী। সেখানে উপস্থিত হয়ে তিনি জানান,  প্রায় ১৪ বছর ধরে মিশনের প্রেসিডেন্ট হলেও এসআইআর তালিকায় তাঁর নাম নেই। শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে তাঁকে পাশে নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, ‘দেখুন, ওঁরা ধর্মের বড় বড় কথা বলেন।’

মুখ্যমন্ত্রীর অনুরোধে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অতীতে তাঁর নাম ভোটার তালিকায় ছিল, কিন্তু এখন তা বাতিল করা হয়েছে। তিনি জানান,  বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এভাবে চলতে থাকলে দেশের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠবে। ধরনামঞ্চ থেকেই তিনি সত্যের জয় কামনা করেন এবং এসআইআর ব্যবস্থা প্রত্যাহারের জন্য প্রার্থনা জানান।

সন্ন্যাসীর বক্তব্যের সময় মমতা তাঁকে পুরনো নথিপত্র দেখাতে বলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, চূড়ান্ত ভোটার তালিকায় বহু জীবিত মানুষকে মৃত বলে দেখানো হয়েছে। তাঁর দাবি, প্রায় পাঁচ লক্ষ মানুষের নাম এইভাবে ভুলভাবে তালিকাভুক্ত হয়েছে।

তৃণমূল সূত্রে খবর, এই ধরনা কর্মসূচি কয়েকদিন স্থায়ীভাবে চলবে এবং ভোটারদের অধিকার রক্ষা করতে প্রতিদিনের মতো আন্দোলন চালানো হবে। শনিবার সকাল ১০টা থেকে ফের শুরু হবে  ধরনা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ধরনা কর্মসূচি। উপস্থিত থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Advertisement