• facebook
  • twitter
Thursday, 5 March, 2026

খামেনির মৃত্যুতে শোকপ্রকাশ ভারতের, শোকবার্তায় সই বিক্রম মিশ্রীর

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ফাত্তালির মন্তব্য, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং ঐতিহাসিকভাবে গভীর। তাঁর কথায়, ‘ভারত সরকারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে।

পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহের মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর ঘটনায় ভারতের তরফে আনুষ্ঠানিক শোকপ্রকাশ করা হল। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত ইরান দূতাবাসে গিয়ে শোকবার্তায় সই করেন এবং ভারতের সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তাঁর সরকারি বাসভবনে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় আয়াতোল্লাহ খামেনেই নিহত হন। এই ঘটনার পরই ইরান জুড়ে জাতীয় শোক পালনের ঘোষণা করা হয়। একই সঙ্গে বিদেশের বিভিন্ন দেশে অবস্থিত ইরান দূতাবাসগুলিতেও শোকবার্তা জানানোর জন্য বিশেষ খাতা খোলা হয়েছে।

Advertisement

দিল্লির ইরান দূতাবাসেও সেই শোকখাতা খোলা হয়েছে। কূটনৈতিক মহল, বিভিন্ন দেশের প্রতিনিধি এবং সাধারণ মানুষ সেখানে গিয়ে সমবেদনা জানাচ্ছেন। দূতাবাস সূত্রে জানানো হয়েছে, শোকখাতা নির্দিষ্ট কয়েকদিন খোলা থাকবে, যাতে ইচ্ছুক ব্যক্তিরা এসে শোকবার্তা লিখে যেতে পারেন।

Advertisement

বিদেশ সচিব বিক্রম মিশ্রী দূতাবাসে পৌঁছে ইরানের রাষ্ট্রদূত মুহাম্মদ ফাত্তালির সঙ্গে সাক্ষাৎ করেন। খামেনেইয়ের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি শোকখাতায় স্বাক্ষর করেন।

এই প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত মুহাম্মদ ফাত্তালি বলেন, ‘আমরা এক মহান ব্যক্তিত্বকে হারালাম। তিনি শুধু আমাদের নেতা নন, আমাদের কাছে পিতৃসম ছিলেন। তিনি সব সময় আমাদের ইতিহাসের সঠিক পথে থাকার পরামর্শ দিতেন। আমার বিশ্বাস, তিনি ইতিহাসের সঠিক দিকেই ছিলেন এবং তাঁর প্রাপ্য সম্মান তিনি পেয়েছেন।’

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত প্রসঙ্গে ফাত্তালি বলেন, ইরান আলোচনার পথ বেছে নিয়েছিল। কিন্তু সেই আলোচনার আগেই হামলা চালানো হয়েছে। তাঁর অভিযোগ, ‘আমরা আলোচনার টেবিলে ছিলাম। কিন্তু সেই টেবিল ধ্বংস করে দেওয়া হয়েছে। যুদ্ধ শুরু করেছে তারা।’

রাষ্ট্রদূতের দাবি, আমেরিকা ও ইজরায়েলের এই সামরিক পদক্ষেপ ‘অপরাধমূলক আগ্রাসন’। তিনি জানান, ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের রক্ষায় পালটা জবাব দিতে তারা প্রস্তুত। ফাত্তালি আরও বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি আমাদের উপর হামলা হয়, তার জবাব আমরা দেবই। একই সঙ্গে আমরা শান্তিকেও অগ্রাধিকার দিই।’

প্রতিবেশী দেশগুলির প্রসঙ্গে তিনি বলেন, ইরান তাদের উপর হামলা চালায় না এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে যদি কোনও ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানো হয়, তাহলে সেই ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ফাত্তালির মন্তব্য, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং ঐতিহাসিকভাবে গভীর। তাঁর কথায়, ‘ভারত সরকারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে আমরা আগ্রহী।’

Advertisement