ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা ইমাম আলি খামেনির মৃত্যুতে শোকজ্ঞাপনের জন্য দিল্লিতে শোকবার্তা সংক্রান্ত পুস্তক প্রকাশের ঘোষণা করল ইরানের দূতাবাস। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘর্ষের আবহে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক হামলায় তিনি শহিদ হয়েছেন বলে ইরানের সরকারি সূত্রে জানানো হয়েছে।
ইরান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় নাগরিক, কূটনৈতিক মহল এবং সহমর্মিতা জানাতে ইচ্ছুক সকলকে নির্দিষ্ট দিনে দূতাবাসে এসে শোকপুস্তকে স্বাক্ষর করার আমন্ত্রণ জানানো হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে ইরানি জনগণের শোকের সময়ে সংহতি প্রকাশের সুযোগ করে দেওয়া হয়েছে।
Advertisement
ইরানের সরকারি সংবাদমাধ্যমে খামেনির মৃত্যুকে ‘শহিদ’ বলে উল্লেখ করা হয়েছে। ১৯৮৯ সাল থেকে দেশের নেতৃত্বে থাকা ৮৬ বছরের এই ধর্মীয় নেতা দীর্ঘ সময় ধরে ইরানের রাজনৈতিক ও কৌশলগত দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সাম্প্রতিক বিমান হামলায় একাধিক উচ্চপদস্থ আধিকারিকের পাশাপাশি তাঁর পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।
Advertisement
তাঁর মৃত্যুর পর ইরানজুড়ে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। বিভিন্ন শহরে শোকমিছিল, প্রার্থনা সভা এবং সংহতির কর্মসূচি চলছে। সরকার এই ঘটনাকে ‘আগ্রাসন’ বলে আখ্যা দিয়ে ঐক্য ও প্রতিরোধের বার্তা দিয়েছে। দিল্লিতে প্রকাশিত শোকপুস্তক তিন দিন খোলা থাকবে— ৫ মার্চ, ৬ মার্চ এবং ৯ মার্চ। ওই দিনগুলিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সেই পুস্তকে স্বাক্ষর করা যাবে।
বিশ্বের বিভিন্ন দেশে ইরানের কূটনৈতিক মিশনগুলিতেও একই ধরনের শোকপুস্তক প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক স্তরে এই ঘটনার প্রভাব এবং ইরান সরকারের সংহতির বার্তাকে জোরালো করতেই এই পদক্ষেপ বলে কূটনৈতিক মহলের ধারণা। দিল্লিতে শোকপুস্তক প্রকাশের এই আয়োজনকে ইরানপন্থী মহল প্রতীকী হলেও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে।
Advertisement



