• facebook
  • twitter
Wednesday, 4 March, 2026

নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা মুহাম্মদ ইউনূসের

১০ ফেব্রুয়ারি, তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না একটি বিজ্ঞপ্তি জারি করেন

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রধান উপদেষ্টার পদ ছাড়ার পরও এক বছর পর্যন্ত নিজেকে ‘ভিভিআইপি’ হিসেবে ঘোষণা করেছেন মুহাম্মদ ইউনূস। এই এক বছর বিশেষ নিরাপত্তা পাবেন তিনি। এমনটাই দাবি করেছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম। সাধারণ নির্বাচনের ঠিক দু’দিন আগে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বলে খবর।

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। তার দু’দিন আগে, ১০ ফেব্রুয়ারি, তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে উল্লেখ করা হয়, বিশেষ নিরাপত্তা আইনের আওতায় দায়িত্ব ছাড়ার পরও এক বছর পর্যন্ত ইউনূস বিশেষ নিরাপত্তা পাবেন। এই নিরাপত্তা দেবে স্পেশ্যাল সিকিউরিটি ফোর্স— (এসএসএফ), যারা সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিদের সুরক্ষা দেয়।

Advertisement

বাংলাদেশের আইনে সরকারি গেজেটের মাধ্যমে রাষ্ট্রপতি বা সরকারপ্রধান ছাড়াও অন্য কাউকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার সুযোগ রয়েছে। তবে বিদায়ী প্রধান উপদেষ্টাকে  বিশেষ নিরাপত্তা দেওয়ার বিধান স্পষ্টভাবে উল্লেখ নেই বলে আইনি মহলের একাংশের মত। আরও একটি প্রশ্ন উঠেছে গেজেট প্রকাশের স্বচ্ছতা নিয়ে। নিয়ম অনুযায়ী, গেজেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হয়।

Advertisement

 তবেই তা সর্বসাধারণের জন্য প্রামাণ্য দলিল হিসেবে গণ্য হয়। গেজ়েট ওয়েবসাইটে প্রকাশ না-হলে তার কার্যকারিতা নিয়ে কোনও প্রশ্ন ওঠে কি না, সেটা আবার সংশ্লিষ্ট দফতর বিচার করবে বলে জানিয়েছেন বাংলাদেশের সরকারি প্রেসের উপ-পরিচালক মুহাম্মদ আবু ইউসুফ। যদিও সংশ্লিষ্ট দপ্তরে এক কর্মকর্তা জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে বা গোপনীয়তার কারণে কোনও গেজেট অনলাইনে প্রকাশ না-ও করা হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ অগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ত্যাগ করেন।

Advertisement