দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতার বিভিন্ন জায়গায় থাকবে পুলিশ পিকেট এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। লালবাজার সূত্রে খবর, এ বছর দোলের দিন ৩৯৮টি জায়গায় কলকাতা পুলিশের পিকেট থাকবে। এর মধ্যে খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ্যামবাজার-সহ ৮৬ টি জায়গায় বিশেষ পিকেট থাকবে। দায়িত্বে থাকবেন ছ’জন করে পুলিশকর্মী।
বাকি ৩১২টি পিকেটে তিন জন করে পুলিশকর্মী থাকবেন। পিকেট সব থেকে বেশি থাকবে বন্দর এলাকায়। এখানে ৭২টি পিকেট করা হবে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ শহরতলিতে ৩৬টি করে পিকেট হবে।
Advertisement
দোলের দিন গঙ্গার ঘাটগুলিতে ভিড় বাড়ে। তাই সেখানেও থাকছে সতর্কতা। লালবাজারের তরফে জানানো হয়েছে, পিকেট ছাড়াও ২৪টি ঘাটে ডিএমজি দল (বিপর্যয় মোকাবিলা বাহিনী) থাকবে। কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনেও ডিএমজি দল থাকবে।
Advertisement
মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং রাস্তায় অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে নজরদারিতে টহলদারি ভ্যান ও পিসিআর ভ্যান থাকবে ৬২টি। এ ছাড়া মোটর বাইক নিয়েও টহল দেবে পুলিশ।
Advertisement



