• facebook
  • twitter
Saturday, 28 February, 2026

বলিভিয়ায় ভেঙে পড়ল টাকা ভর্তি যুদ্ধবিমান, মৃত ১৫, নোট কুড়োতে হুড়োহুড়ি

স্থানীয় সময় শুক্রবার বিকেলে মার্কিন বায়ুসেনার একটি পণ্যবাহী সামরিক বিমান রাজধানীর কাছে একটি ব্যস্ত হাইওয়ের উপর ভেঙে পড়ে

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৩০ জন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে মার্কিন বায়ুসেনার একটি পণ্যবাহী সামরিক বিমান রাজধানীর কাছে একটি ব্যস্ত হাইওয়ের উপর ভেঙে পড়ে। দুর্ঘটনার পর রাস্তায় ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ নতুন ছাপানো নোটের বান্ডিল, যা কুড়োতে সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, বিমানটি কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে নতুন ছাপানো নোট এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাচ্ছিল। এটি একটি হারকিউলিস ধরনের সামরিক পরিবহন বিমান ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাজধানী সংলগ্ন এল অল্টো বিমানবন্দরের কাছাকাছি একটি ব্যস্ত মহাসড়কে সেটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় রাস্তায় বহু যানবাহন চলাচল করছিল, ফলে বিমানটি কয়েকটি গাড়ির উপর আছড়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Advertisement

দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, জ্বলন্ত অবস্থায় বিমানটি হাইওয়ের উপর থাকা কয়েকটি গাড়িকে ধাক্কা মেরে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে রাস্তার পাশের কয়েকটি বাড়ি ও অবকাঠামোরও ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বিমানের ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

মৃতদের মধ্যে কতজন বিমানের ক্রু এবং কতজন সাধারণ পথচারী বা গাড়ির যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার ভয়াবহতার ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, উদ্ধারকাজ চলাকালীন রাস্তার উপর ছড়িয়ে থাকা নোট কুড়োতে বহু মানুষ ভিড় করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বলিভিয়া সরকার ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এই দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement