রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসবের আগে বড় সুখবর দিল রাজ্য সরকার। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাড হক বোনাস, উৎসব অগ্রিম এবং উৎসব ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। শারদোৎসব ও ইদের আগেই এই আর্থিক সুবিধা দেওয়া হবে।
২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত যাঁদের মাসিক বেতন ৪৬ হাজার টাকা বা তার কম, তাঁরা এবার পাবেন ৭ হাজার ৪০০ টাকা অ্যাড হক বোনাস। গত বছর এই অঙ্ক ছিল ৬ হাজার ৮০০ টাকা এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল ৪৪ হাজার টাকা। অর্থাৎ এ বছর বোনাস বেড়েছে ৬০০ টাকা, পাশাপাশি বেতনসীমাও বৃদ্ধি পেয়েছে।
Advertisement
উৎসব অগ্রিমের ক্ষেত্রেও মিলেছে বাড়তি সুবিধা। যাঁদের মাসিক বেতন ৪৬ হাজার টাকার বেশি কিন্তু ৫৪ হাজার টাকার বেশি নয়, তাঁরা সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত উৎসব অগ্রিম নিতে পারবেন। গত বছর এই সীমা ছিল ৪৪ হাজার থেকে ৫২ হাজার টাকার মধ্যে এবং অগ্রিমের পরিমাণ ছিল ২০ হাজার টাকা। এ বছর সেই অঙ্ক ২ হাজার টাকা বাড়ানো হয়েছে।
Advertisement
অবসরপ্রাপ্ত কর্মীরাও এই সুবিধার আওতায় আসছেন। ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে যাঁরা অবসর নিয়েছেন বা নেবেন এবং যাঁদের মাসিক পেনশন ৪০ হাজার টাকার কম, তাঁরা পাবেন ৩ হাজার৮০০ টাকা উৎসব ভাতা। গত বছর এই পরিমাণ ছিল ৩ হাজার ৫০০ টাকা এবং পেনশনের ঊর্ধ্বসীমা ছিল ৩৮ হাজার টাকা। অর্থাৎ ভাতা বেড়েছে ৩০০ টাকা এবং পেনশনসীমাও বৃদ্ধি পেয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান ও রাজ্য সরকারি অধীনস্থ সংস্থার কর্মীরাও একই সুবিধা পাবেন। পারিবারিক ও অতিরিক্ত পেনশনভোগীরাও অন্তর্ভুক্ত থাকবেন এই ঘোষণায়। তবে যাঁদের মাসিক বেতন ১০ হাজার টাকা বা তার কম, তাঁরা পাবেন ৩ হাজার ৫০০ টাকা বোনাস। উৎসবের মরসুমে কর্মী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে প্রশাসন।
Advertisement



