• facebook
  • twitter
Thursday, 26 February, 2026

আইনজীবীদের প্রতিবাদে তিন দিন বন্ধ বরিশালের আদালত পরিষেবা

‘গত ৭২ ঘণ্টা ধরে বরিশালের বিচারিক কাজ বন্ধ রয়েছে। এতে মামলাকারীরা ভুগছেন, কিন্তু আইনজীবীদের সঙ্গে অন্যায় হলে আমাদের প্রতিবাদ করা ছাড়া উপায় নেই।’

আইনজীবীদের আন্দোলনের জেরে টানা তিন দিন ধরে বিচার পরিষেবা বন্ধ রয়েছে বরিশালে। জেলা ও দায়রা আদালত-সহ সমস্ত আদালতেই কার্যত নিস্তব্ধতা নেমে এসেছে। ফলে মামলাকারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

মামলাকারী সবুজ হাওলাদার জানান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে দায়ের করা এক মামলায় হাইকোর্ট নিম্ন আদালতে জামিনের আবেদন করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু আদালতের কাজ বন্ধ থাকায় তিনি আবেদন জমা দিতে পারেননি। জামিনের সময়সীমা রবিবার শেষ হওয়ায় তিনি উদ্বেগে রয়েছেন।

Advertisement

আইনজীবীদের দাবি, বরিশাল জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাদিকুর রহমান লিংকন-সহ ১২ জন আইনজীবীর বিরুদ্ধে স্পিডি ট্রায়াল আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত কক্ষে ভাঙচুর এবং বিচারককে ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। প্রসঙ্গত, মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে ভাঙচুরের ঘটনার পর লিংকনকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

প্রতিবাদী আইনজীবীরা অবিলম্বে জামিনের দাবি জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য আদালতের কার্যক্রম বন্ধ রাখা হবে। এই পরিস্থিতিতে বিচারপ্রার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আদালতের কাজ দ্রুত স্বাভাবিক না হলে বহু গুরুত্বপূর্ণ মামলার শুনানি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement