• facebook
  • twitter
Thursday, 26 February, 2026

জেরুজালেমে মোদী–নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বার্তা

নরেন্দ্র মোদী এবং নেতানিয়াহুর মধ্যে জেরুজালেমে প্রতিনিধি স্তরের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন, সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে।

ইজরায়েল সফরের শেষ দিনে এই বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ দুই দেশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।এর আগে, প্রধানমন্ত্রী মোদী ইজরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে শিক্ষা, উদ্ভাবন, নতুন উদ্যোগ, প্রযুক্তি ও যোগাযোগ পরিকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির বাগানে ‘এক পেড় মা কে নাম’ উদ্যোগের আওতায় একটি গাছও রোপণ করেন মোদী। পাশাপাশি, রাষ্ট্রপতি হারজগকে ভবিষ্যতে ভারত সফরের আমন্ত্রণ জানান তিনি।

Advertisement

এদিন প্রধানমন্ত্রী মোদী জেরুজালেমের ঐতিহাসিক ইয়াদ ভাশেম হলোকাস্ট স্মারক কেন্দ্রে গিয়ে হলোকাস্টে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সেখানে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করেন। এর আগে ২০১৭ সালেও ইজরায়েল সফরের সময় তিনি এই স্মারক কেন্দ্রে গিয়েছিলেন।

Advertisement

প্রধানমন্ত্রী মোদীর এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইজরায়েলের সংসদ কনেসেটে তাঁর বিশেষ ভাষণ। কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটি ছিল প্রথম এমন ভাষণ, যা দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক গুরুত্বকে আরও তুলে ধরেছে। কূটনৈতিক মহলের মতে, এই সফর ভারত–ইজরায়েল সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফলে প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।

Advertisement