মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ‘মাদক সম্রাট’ নেমেসিয়ো ওসেগুয়েরা-র বিরুদ্ধে অভিযান চালায় মেক্সিকো— এমন দাবিকে প্রকাশ্যে সমর্থন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওসেগুয়েরা, যিনি ‘এল মেঞ্চো’ নামে পরিচিত, নিহত হওয়ার পর ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, ‘শুধু আমরাই জিতে যাচ্ছি। এমনটা হলে কী ভাবে চলবে।’ যদিও তিনি সরাসরি কারও নাম নেননি, তবে আন্তর্জাতিক মাদক পাচারচক্রের বিরুদ্ধেই যে তাঁর ইঙ্গিত, তা স্পষ্ট।
হোয়াইট হাউস-এর প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, মার্কিন গোয়েন্দা সহায়তা নিয়েই মেক্সিকো এই অভিযান চালিয়েছে। তাঁর বক্তব্য, প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন— আমেরিকায় মাদক পাচারের সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
দ্বিতীয় বার ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প মাদকবিরোধী অবস্থান আরও কড়া করেছেন। বিশেষ করে মেক্সিকো ও কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান নিয়ে তিনি বারবার সরব হয়েছেন। মার্কিন সরকারের ২০২৪ সালের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই দুই দেশ থেকেই সবচেয়ে বেশি মাদক আমেরিকায় প্রবেশ করে। বিশেষত আমেরিকা-মেক্সিকো সীমান্তই পাচারের প্রধান রুট— কখনও জলপথে, কখনও সুড়ঙ্গ খুঁড়ে, আবার কখনও দুর্নীতিগ্রস্ত এজেন্টদের মাধ্যমে এই চোরাচালান চলে বলে অভিযোগ।
Advertisement
এর আগে ভেনেজুয়েলা-র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে আটক করার সময়ও একই অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। সে সময় তিনি সতর্ক করে বলেছিলেন, মাদক সন্ত্রাস রুখতে প্রয়োজনে ওই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ হতে পারে। যদিও ট্রাম্প দাবি করেছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম-এর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। তবে তাঁর মন্তব্য, “মেক্সিকোকে প্রেসিডেন্ট নয়, মাদক ব্যবসাই চালাচ্ছে।” এই মন্তব্য ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।
Advertisement



