গত ১৫ ফেব্রুয়ারি যুবসাথী প্রকল্পে আবেদনের প্রক্রিয়া শুরু হয়। একদিনের মধ্যেই বিপুল সাড়া পায় জনমুখী এই প্রকল্প। অফলাইনে শিবিরে যুবসাথীর আবেদন সামলাতে চাপ হওয়ায়, অনলাইনেও এই প্রকল্পের আবেদন শুরু করে নবান্ন। এবার অনলাইনে সেই আবেদনের সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার। যুবসাথীর জন্য অনলাইনে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।
৫ ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। ২১ বছর থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত বা পাঁচ বছর পর্যন্ত যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০টাকা করে দেওয়ার কথা বলা হয়। প্রথমে ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা বললেও, পরে তা এপ্রিলেই শুরু করা হবে বলে জানানো হয়।
Advertisement
এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি থেকে। যা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রকল্পে অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন প্রক্রিয়া শুরু করা হয়। অনলাইনে আবেদন করতে গেলে https://apas.wb.gov.in-এ প্রবেশ করে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। পোর্টালে থাকা লিঙ্কে গিয়ে ক্লিক করলেই খুলে যাবে বাঁদিকে স্বনির্ভর বাংলা এবং ডানদিকে বাংলার যুবসাথী প্রকল্পের বিকল্প। যুবসাথীর ‘ক্লিক টু অ্যাপ্লাই’-তে গিয়ে ক্লিক করলে বাঁদিকে পরপর তিনটি বিকল্পের মাঝের অংশে দেখা যাবে ‘অ্যাপ্লাই অনলাইন’। সেখানে ক্লিক করলেই আবেদনের পরবর্তী পদক্ষেপে যাওয়া যাবে।
Advertisement
প্রকল্পে আবেদন করতে গেলে যে নথিগুলি প্রয়োজন তা হল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং একটি সাদা কাগজে নিজের নাম সই করে সেই কাগজের স্পষ্ট ছবি। সমস্ত নথি নির্ধারিত ফরম্যাটে আপলোড করার পর আবেদনকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি নির্দিষ্ট স্থানে প্রদান করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সফল ভাবে আবেদন জমা পড়লে আবেদনপত্রের প্রতিলিপি ডাউনলোড করার সুবিধাও রাখা হয়েছে এই পোর্টালে। ভবিষ্যতের প্রয়োজনে সেই কপি সংরক্ষণ করে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন।
Advertisement



