• facebook
  • twitter
Friday, 20 February, 2026

বিধবাদের কন্যাদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা দেবে হিমাচল সরকার

হিমাচল প্রদেশ সরকার বিধবাদের কন্যাদের উচ্চশিক্ষার জন্য মাসিক আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনার আওতায় ২৭ বছর বয়স পর্যন্ত ছাত্রীরা এই সুবিধা পাবে।

সমাজের দুর্বল অংশের মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল হিমাচল প্রদেশ সরকার। বিধবা মহিলাদের কন্যারা যাতে রাজ্যের ভিতরে ও বাইরে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে ‘ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা’ প্রকল্পের পরিধি সম্প্রসারণ করা হয়েছে।

সরকারি ঘোষণায় জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় এখন থেকে ২৭ বছর বয়স পর্যন্ত যোগ্য কন্যারা উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা পাবে। আগে এই সুবিধা সীমিত ছিল কম বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রে। নতুন সিদ্ধান্তের ফলে বহু ছাত্রী উপকৃত হবে বলে মনে করছে প্রশাসন।

Advertisement

প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী, রাজ্যের বাইরে সরকারি প্রতিষ্ঠানে পেশাদার পাঠ্যক্রমে ভর্তি হওয়া ছাত্রীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে সহায়তা পাবে। এই অর্থ সর্বাধিক ১০ মাস পর্যন্ত দেওয়া হবে, যা মূলত ভাড়া বা আবাসনের খরচ মেটাতে ব্যবহার করা যাবে। বিশেষ করে যখন সরকারি ছাত্রাবাসের সুবিধা পাওয়া যাবে না। এই প্রকল্পের আওতায় প্রযুক্তি, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান, ব্যবস্থাপনা, আইন, তথ্যপ্রযুক্তি, শিক্ষাবিজ্ঞান ও মানবিক শাখার মতো বিভিন্ন পেশাদার পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রের উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে বিধবা, পরিত্যক্ত বা বিবাহবিচ্ছিন্ন মহিলাদের সন্তান এবং প্রতিবন্ধী অভিভাবকদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত সহায়তা দেওয়া হয়। রাজ্যের সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ফি, ছাত্রাবাসের খরচ এবং অন্যান্য শিক্ষাসংক্রান্ত ব্যয়ও বহন করা হয়।

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, সমাজের পিছিয়ে পড়া অংশের মেয়েদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘এই উদ্যোগ মেয়েদের শিক্ষার সুযোগ বাড়াবে। তাদের ভবিষ্যৎ আরও শক্তিশালী করে তুলবে।’

Advertisement