• facebook
  • twitter
Wednesday, 18 February, 2026

প্রথম সারির দৈনিকের সম্পাদককে খুনের হুমকি, ত্রিপুরায় উত্তেজনা

ত্রিপুরার প্রথম সারির দৈনিক 'আজকের ফরিয়াদ'–এর সম্পাদক শানিত দেবরায়কে খুনের হুমকি

ত্রিপুরার প্রথম সারির দৈনিক ‘আজকের ফরিয়াদ’–এর সম্পাদক শানিত দেবরায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরায়। তবে অভিযোগ ওঠার ৩ দিন পরেও পুলিশ এখনও মামলা দায়ের করেনি বলে অভিযোগ।অভিযোগ, ভারতীয় জনতা পার্টির একদল কর্মী-সমর্থক বিক্ষোভের নামে সম্পাদকের বাড়ির সামনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন এবং তাঁকে সরাসরি হুমকি দেন।

ঘটনার প্রতিবাদে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে এক প্রতিনিধিদল পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর নথিভুক্ত হয়নি বলে অভিযোগ সাংবাদিক মহলের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী সমাজমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেন, ত্রিপুরায় সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম উল্লেখ করে কটাক্ষ করে বলেন, গণতন্ত্রের কথা বলা হলেও বাস্তবে সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নের মুখে।

Advertisement

অভিযোগ উঠেছে, ত্রিপুরার বিজেপি বিধায়ক ও ডেপুটি স্পিকার রামপ্রসাদ পালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করার পর থেকেই শানিত দেবরায়কে লক্ষ্য করে চাপ সৃষ্টি করা হচ্ছিল।যদিও এই ঘটনায় শাসক দলের তরফে এখনও কোনও রকম প্রতিক্রিয়া মেলেনি। সাংবাদিক সংগঠনগুলির একাংশের দাবি, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দ্রুত নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। সম্পাদকের বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

Advertisement

Advertisement