• facebook
  • twitter
Wednesday, 18 February, 2026

চিনা রোবো কুকুর নিজেদের নামে চালানোর চেষ্টায় এআই সম্মেলন থেকে ঘাড়ধাক্কা একটি বিশ্ববিদ্যালয়কে

বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ‘ওরিয়ন’ নামে একটি নজরদারি রোবো কুকুর

দেশে প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। আর সম্মেলনে যোগ দিয়ে চিনা রোবো কুকুর নিয়ে বিতর্কে জড়াল গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। চিনের একটি রোবো কুকুরকে নিজেদের নির্মাণ বলে দাবি করার অভিযোগ উঠেছে ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সম্মেলন ছাড়তে বলা হয় বলে খবর।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ‘ওরিয়ন’ নামে একটি নজরদারি রোবো কুকুর। সম্মেলনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক দাবি করেন, তাদের প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় বিপুল অর্থ বিনিয়োগ করেছে এবং সেই প্রচেষ্টারই ফল এই স্বয়ংক্রিয় যন্ত্র-সারমেয়। তবে প্রযুক্তি মহলের অনেকে দ্রুতই জানান, প্রদর্শিত রোবটটি আসলে চিনা সংস্থা ইউনিট্রি রোবোটিক্সের তৈরি ‘ইউনিট্রি জিও২’ মডেল, যার দাম বাজারে প্রায় ২,৮০০ মার্কিন ডলার।

Advertisement

 ভারতীয় মুদ্রায় মোটামুটি ২ লক্ষ ৩০ হাজার টাকা। সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নেহা সিং নামের ওই অধ্যাপক দাবি করেছেন তাঁদের প্রতিষ্ঠান ৩৫০ কোটি টাকা খরচ করেছে কৃত্রিম বৃদ্ধিমত্তায়। এরপরেই সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়।

Advertisement

যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, তারা কখনও রোবটটিকে নিজেদের তৈরি বলে দাবি করেনি।  বরং এআই গবেষণায় বিনিয়োগের পরিমাণ তুলে ধরতেই এটি প্রদর্শন করা হয়েছিল। তবে ভিডিও ভাইরাল হওয়ার পর বিতর্ক আরও তীব্র হয়।

সোমবার থেকে দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে ‘এআই ইমপ্যাক্ট সামিট’। দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলন ঘিরে আরও কিছু অব্যবস্থার অভিযোগও সামনে আসে। ওয়াই-ফাই ও ইন্টারনেট সংযোগে সমস্যা, ডিজিটাল পেমেন্টে বিঘ্ন ইত্যাদি। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দ্বিতীয় দিনের অধিবেশনে অতিথিদের কাছে ক্ষমা চেয়ে নেন।

Advertisement