• facebook
  • twitter
Tuesday, 17 February, 2026

তিন বছর বিডিও থাকার পর পদোন্নতি এসডিও পদে, বড় সিদ্ধান্ত

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে বলেন, ‘আমাদের সরকার সবসময় যোগ্যতার মূল্যায়ন করে।'

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিন বছর ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) পদে কর্মরত আধিকারিকদের পদোন্নতি দিয়ে মহকুমা শাসক (এসডিও) পদে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই সিদ্ধান্তে প্রশাসনিক মহলে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। একইসঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘যাঁদের অন্যত্র ডিমোশন করা হচ্ছে, তাঁদের প্রোমোশন দিয়ে সম্মান দেওয়া হবে।’

রাজ্য প্রশাসনের দপ্তর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্লকে দায়িত্ব সামলানো বিডিওদের কাজের মূল্যায়ন করে এই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং জনসংযোগের ভিত্তিতেই তাঁদের এসডিও পদে উন্নীত করা হয়েছে। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশ জারি হয়েছে এবং বেশ কয়েকজন আধিকারিক নতুন দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement

প্রশাসনিক মহলের মতে, বিডিও পদে থেকে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, সামাজিক প্রকল্প বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আধিকারিকরা। তাঁদের অভিজ্ঞতাকে আরও বৃহত্তর পরিসরে কাজে লাগাতেই এই পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। এসডিও পদে দায়িত্ব নেওয়ার ফলে তাঁরা এখন মহকুমা স্তরের প্রশাসনিক কাজ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের তদারকি করবেন।

Advertisement

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে বলেন, ‘আমাদের সরকার সবসময় যোগ্যতার মূল্যায়ন করে। যাঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাঁদের যথাযথ সম্মান এবং পদোন্নতি দেওয়া হবে। অন্য কোথাও যদি তাঁদের অবমূল্যায়ন করা হয়, আমরা তাঁদের আরও বড় দায়িত্ব দিয়ে সম্মান জানাব।’ তাঁর এই মন্তব্য প্রশাসনিক কর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রশাসনের একাংশের মতে, এই পদক্ষেপের ফলে আধিকারিকদের মধ্যে কাজের প্রতি আগ্রহ এবং দায়বদ্ধতা আরও বাড়াবে। একইসঙ্গে, রাজ্যের বিভিন্ন স্তরে প্রশাসনিক কাজের গতি বাড়বে এবং সাধারণ মানুষও দ্রুত পরিষেবা পাবেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামোয় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রশাসনের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Advertisement