• facebook
  • twitter
Monday, 16 February, 2026

হরিয়ানায় ১৫দিন ১২ জনের মৃত্যু, পানীয় জল থেকে কি ছড়াচ্ছে দূষণ?

তবে সরকারি পরিসংখ্যানে মৃতের সংখ্যা সাত। কী কারণে একের পর এক মৃত্যু হচ্ছে, তা নিয়েও উদ্বেগে রয়েছেন গ্রামবাসীরা

পানীয় জল নিয়ে আতঙ্ক ছড়িয়েছে হরিয়ানার পালওয়াল জেলার ছায়ানসা গ্রামে। গত দু’সপ্তাহে একের পর এক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। গ্রামবাসীদের দাবি, মাত্র ১৫ দিনের মধ্যে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচ জনই স্কুলপড়ুয়া। তবে সরকারি পরিসংখ্যানে মৃতের সংখ্যা সাত। কী কারণে একের পর এক মৃত্যু হচ্ছে, তা নিয়েও উদ্বেগে রয়েছেন গ্রামবাসীরা।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি হিসাবে যে সাত জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে চার জন হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন। বাকি তিন জনের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, গ্রামবাসীদের একাংশের অভিযোগ, দূষিত পানীয় জল থেকেই এই পরিস্থিতির সূত্রপাত। যদিও প্রশাসন এখনও নিশ্চিতভাবে কোনও কারণ জানায়নি, তবু জল দূষণের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। পাশাপাশি খাবারে বিষক্রিয়ার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।আপাতত সব দিক খতিয়ে দেখতে শুরু করেছে হরিয়ানার স্বাস্থ্য দপ্তর।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামের অনেকেই জ্বরে ভুগছেন। কারও কারও কাশি, বমি এবং গা ব্যথার মতো উপসর্গ রয়েছে। স্বাস্থ্য দপ্তরের একটি দল ইতিমধ্যে গ্রামে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রায় ৪০০ জন বাসিন্দার শরীরে জ্বর, কাশি, বমি ও গা-ব্যথার মতো উপসর্গ দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। অসুস্থদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ৩০০-র বেশি নমুনা পরীক্ষায় এখনও পর্যন্ত মাত্র দু’টিতে হেপাটাইটিস বি বা সি সংক্রমণ ধরা পড়েছে।

Advertisement

এখনও পর্যন্ত ৩০০টিরও বেশি রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে মাত্র দু’টিতে হেপাটাইটিস বি অথবা সি পাওয়া গিয়েছে। বিভিন্ন বাড়িতে ব্যবহৃত পানীয় জলের নমুনাও পরীক্ষা করা হয়েছে। ১০৭টি পরিবারের জলের নমুনার মধ্যে ২৩টিতে গুণগত ত্রুটি মিলেছে এবং সেখানে ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে। তবে এই দূষিত জলের সঙ্গে অসুস্থতা বা মৃত্যুর সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

ছায়ানসা গ্রামে প্রায় ৫০০০ মানুষের বাস এই গ্রামে। বাসিন্দারা পুরসভার জল, বাড়ির ভূগর্ভস্থ ট্যাঙ্ক এবং বাইরের ট্যাঙ্কারের জলের উপর নির্ভরশীল। বাইরে থেকে আসা ট্যাঙ্কার থেকেও জল নেন অনেকে। অনেক ক্ষেত্রে ট্যাঙ্কের জল নিয়মিত বদলানো হয় না, যা দূষণের ঝুঁকি বাড়াতে পারে। সব দিক খতিয়ে দেখে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

Advertisement