দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে সমাজমাধ্যমে ভিডিও পোস্ট্ করেছিলেন এক যুবক। আর তার ফলে গ্রেপ্তার হলেন উত্তরপ্রদেশের ২২ বছরের এক যুবক। ধৃত যুবকের নাম জিতেন্দ্র কুমার কাশ্যপ। চারথাবল থানা এলাকায় থাকেন ওই যুবক। সেখানেই একটি মামলা দায়ের হয়েছে। এরপরই শনিবার রাতে জিতেন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ। চারথাবল থানার স্টেশন হাউস অফিসার সত্যনারায়ণ দাহিয়া জানিয়েছেন, জিতেন্দ্রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু হয়। এরপরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, ধৃত জিতেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি বিতর্কিত ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিজনক’ মন্তব্য করার অভিযোগ ওঠে জিতেন্দ্রর বিরুদ্ধে। এমনকী ওই ভিডিওতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়েও বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। ভিডিও নিয়ে বিতর্ক শুরু হয়।
Advertisement
সমাজমাধ্যমে ওই ভিডিও ভাইরালও হয়। এরপরেই তা নিয়ে তৎপর হয়ে ওঠে উত্তরপ্রদেশ পুলিশ। অভিযুক্তকে চিহ্নিত করা হয়। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জেরা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে বিরোধীদের দাবি, কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। কেউ কিছু বললেই মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। যদিও এ নিয়ে বিজেপির কোনও বক্তব্য পাওয়া যায়নি।
Advertisement
Advertisement



