তেলেঙ্গানার পুরনিগম ও পৌরসভা নির্বাচনের ফলাফল কংগ্রেস সরকারের গত দুই বছরের কাজের প্রতি জনসমর্থনের স্পষ্ট প্রমাণ। এমনই দাবি করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভন্ত রেড্ডি। তাঁর বক্তব্য, দরিদ্র ও মধ্যবিত্তের কল্যাণমূলক প্রকল্প, স্বচ্ছ প্রশাসন এবং উন্নয়নমূলক পরিকল্পনাই এই বিপুল জয়ের ভিত্তি গড়ে দিয়েছে।
রাজ্যের ১১৬টি পৌরসভা ও সাতটি পুরনিগমে অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেসের বিপুল সাফল্যের পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘এই জয় লক্ষ লক্ষ কর্মীর নিরলস পরিশ্রমের ফল। যারা দলের পতাকা হাতে নিয়ে সরকারি প্রকল্প মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন, তাঁদের প্রতিই এই জয় উৎসর্গ করা হল।’
Advertisement
মুখ্যমন্ত্রীর দাবি, এই ফলাফল তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। রাজ্যের প্রতিটি পৌরসভা ও পুরনিগমে উন্নয়ন নিশ্চিত করে মানুষের আস্থা রক্ষা করার অঙ্গীকারও করেন তিনি। নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, ১১৬টির মধ্যে ৬৪টি পৌরসভায় কংগ্রেস এককভাবে ক্ষমতা দখল করেছে। সাতটি পুরনিগমের মধ্যে তিনটিতে জয় পেয়েছে তারা এবং আরও একটিতে এগিয়ে রয়েছে। যেখানে স্পষ্ট ফলাফল মেলেনি, সেই ৩৮টি পৌরসভাতেও সংখ্যাগরিষ্ঠতা গড়ার চেষ্টা চলছে।
Advertisement
এদিকে দিল্লিতে অবস্থানরত মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান এবং রাজ্যের সকল নেতা-কর্মীকে শুভেচ্ছা বার্তা দেন। মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্যের সাম্প্রতিক প্রশাসনিক সংস্কার, নীতিগত পরিবর্তন, বিনিয়োগ ও কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতির বিষয়ে অবহিত করেন।
কংগ্রেস শিবিরের দাবি, এই ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে, রাজ্যে ‘জনতার সরকার’-এর প্রতি মানুষের আস্থা আরও মজবুত হয়েছে। তবে বিরোধী শিবিরের মতে, পুরভোটের ফলকে রাজ্য রাজনীতির সামগ্রিক চিত্র হিসেবে দেখা উচিত নয়। সব মিলিয়ে তেলেঙ্গানার পুরনির্বাচনের ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
Advertisement



