মহুয়া মৈত্রের পর এবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের আর্জি জানিয়ে নোটিস জমা। নোটিস জমা দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের দাবি তিনিই তুলেছিলেন। ভারত বিরোধী শক্তিগুলির সঙ্গে রাহুলের যোগাযোগ রয়েছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার লোকসভায় নোটিস জমা দেন তিনি। লোকসভার বিরোধী দলনেতার সাংসদ পদ খারিজের পাশাপাশি সারা জীবন তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়ার আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ।
এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি রাহুল গান্ধী। তবে উত্তর দিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। সংসদ চত্বরে ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ বলেন, ‘ওদের (বিজেপি) করতে দিন। এর কোনও প্রভাব রাহুলের উপর পড়বে না।’ বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত বলেন, “এটা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব নয়। আমি এই ধরনের অন্য একটি প্রস্তাব আনার জন্য নোটিস জমা দিয়েছি। ওই নোটিসে আমি উল্লেখ করেছি, কী ভাবে ওঁর বিরুদ্ধে সোরোস ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে। কী ভাবে উনি তাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং আমেরিকার মতো দেশে গিয়েছেন এবং ভারত-বিরোধী শক্তির সঙ্গে যোগাযোগ রেখেছেন।’
Advertisement
এর আগেও রাহুলের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। ২০১৯ সালে কর্ণাটকের ভোটের প্রচারে গিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, ‘দেখা যাচ্ছে যাঁরাই দুর্নীতি করছেন তাঁদেরই পদবি মোদী। আইপিএলে লুঠ করেছিলেন ললিত মোদী। নীরব মোদী টাকা লুঠ করে পালিয়ে গিয়েছেন। আর যিনি তাঁকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনিও একজন মোদী। দু’জনেই একই রাজ্যের।’
Advertisement
অন্যদিকে এই বিজেপি বিধায়ক নিশিকান্তই তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তুলেছিলেন। ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন মহুয়ার বিরুদ্ধে। নিশানা করেছিলেন শিল্পপতি গৌতম আদানিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অস্বস্তিতে ফেলার জন্যই মহুয়া
এই কাজ করেছেন বলে দাবি করেছিলেন নিশিকান্ত। লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে মহুয়াকে সাংসদপদ থেকে বরখাস্ত করার দাবি তুলেছিলেন তিনি। লোকসভার এথিক্স কমিটির সুপারিশে ২০২৩ সালের ডিসেম্বরে মহুয়াকে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়। তার পরের বছরেই অবশ্য কৃষ্ণনগর লোকসভা থেকে পুনর্নির্বাচিত হয়ে সংসদে পা রাখেন মহুয়া। এবার রায়বরেলীর কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
,,,,,
Advertisement



