• facebook
  • twitter
Tuesday, 10 February, 2026

১৬ ফেব্রুয়ারি থেকে রিলে অনশনের ডাক বাংলার রেশন ডিলারদের

বিবৃতিতে আরও বলা হয়েছে, অতীতে সংগঠনের দুর্বলতার সুযোগ নিয়ে ডিলারদের স্বার্থ খর্ব করা হয়েছে। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতেই সংগঠন কঠোর আন্দোলনের পথে হাঁটছে।

রেশন ব্যবস্থায় ভর্তুকি প্রত্যাহার, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি), খাদ্য কুপন এবং ই-রুপি চালুর সম্ভাব্য পরিকল্পনার প্রতিবাদে ১৬ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের রিলে অনশনের ডাক দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখা। কলকাতা ও সংলগ্ন এলাকায় রেশন দোকানগুলিতে এই কর্মসূচি পালিত হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

মঙ্গলবার সংগঠনের রাজ্য কমিটির বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফেব্রুয়ারির শুরু থেকেই দার্জিলিং ও কালিম্পং জেলায় রেশন দোকান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি চলছে। সেই আন্দোলনকেই রাজ্যজুড়ে বিস্তৃত করার লক্ষ্যে এই রিলে অনশন কর্মসূচি নেওয়া হয়েছে।

Advertisement

সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু অভিযোগ করেন, কেন্দ্র সরকার কার্যত রেশন ব্যবস্থার ভর্তুকি কাঠামো ভেঙে দিয়ে নগদ হস্তান্তর ও কুপনভিত্তিক ব্যবস্থা চালুর চেষ্টা করছে। চলতি কেন্দ্রীয় বাজেটে এ বিষয়ে সরাসরি উল্লেখ না থাকলেও, যে কোনও সময় এই ব্যবস্থা কার্যকর করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Advertisement

বিবৃতিতে আরও বলা হয়েছে, অতীতে সংগঠনের দুর্বলতার সুযোগ নিয়ে ডিলারদের স্বার্থ খর্ব করা হয়েছে। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতেই সংগঠন কঠোর আন্দোলনের পথে হাঁটছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতির জন্য আবেদন দায়েরের প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

এই উদ্দেশ্যে রাজ্যের প্রতিটি গ্রাম ও শহরাঞ্চলের রেশন ডিলারদের নিজেদের এলাকার অন্ত্যোদয় অন্ন যোজনা (এএওয়াই) কার্ডের একটি করে অনুলিপি, সংশ্লিষ্ট আধার নম্বর এবং কার্ডধারীর হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করে রাজ্য দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আন্দোলনের রূপরেখা অনুযায়ী, কলকাতা পুলিশের অনুমতি নিয়ে মঞ্চ ও মাইকের ব্যবস্থা করা হবে। লটারির মাধ্যমে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জেলা ও উপনিয়ন্ত্রণ এলাকা থেকে নির্দিষ্ট সংখ্যক ডিলার রিলে অনশনে অংশ নেবেন। যে দিন সংশ্লিষ্ট এলাকার ডিলাররা অনশনে থাকবেন, সেদিন ওই এলাকার সমস্ত রেশন দোকান বন্ধ থাকবে। তবে ২০২৪ সালের কন্ট্রোল অর্ডার মেনে আগাম প্রশাসনকে জানানো হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

সংগঠনের হুঁশিয়ারি, কেন্দ্র ও রাজ্য বাজেটে রেশন ডিলারদের জীবিকার ক্ষেত্রে ‘বৈষম্যমূলক আচরণ’ বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।

Advertisement