• facebook
  • twitter
Tuesday, 10 February, 2026

আইজেএ-র ১০৪ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান

অনুষ্ঠান উদ্বোধন করেন হরিয়ানার গভর্নর অসীম কুমার ঘোষ

১০৪ বছরে পদার্পণ করল ইন্ডিয়ান জার্নালিস্টস  অ্যাসোসিয়েশন (আইজেএ)। এই উপলক্ষে মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে একটি মুক্ত, দায়িত্বশীল ও স্বাধীন সংবাদমাধ্যমের ভূমিকার কথা বলেন। শতাব্দী প্রাচীন এই সংগঠন কীভাবে সাংবাদিকদের পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে তার ভূয়শী প্রশংসা করেন হরিয়ানার রাজ্যপাল।

এদিনের অনুষ্ঠানে সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জন প্রবীণ সাংবাদিককে আইজে-এর তরফে ‘রোল অব অনার’ প্রদান করা হয়। সেই ছয়জন সাংবাদিক হলেন  মৃণাল কুমার বিশ্বাস, মানস ঘোষ, মিহির গঙ্গোপাধ্যায়, বচন সিং সরল, রাজ মিঠোলিয়া, আমানুল্লা মহম্মদ ও শেখর সেনগুপ্ত। তাঁদের দীর্ঘদিনের কাজ, সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা, সাহস ও পেশাগত সততার দৃষ্টান্ত অনুষ্ঠানে তুলে ধরা হয়।

Advertisement

ভারতের স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়ে ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।  দেশের প্রাচীনতম সাংবাদিক সংগঠনগুলির মধ্যে এটি অন্যতম। গত ১০৪ বছরে এই সংগঠন মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের অধিকার সুরক্ষা, নৈতিক প্রতিবেদনকে উৎসাহিত করা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।

Advertisement

আইজেএ সভাপতি কে ডি পার্থ এদিন বলেন, ইন্ডিয়ান জার্নালিস্টস  অ্যাসোসিয়েশনের ১০৪ বছরের যাত্রা ভারতীয় গণতন্ত্রের বিকাশের সঙ্গে গভীরভাবে যুক্ত। সাংবাদিকতা যখন চ্যালেঞ্জের মুখে, তখন আইজেএ পেশাগত নীতি, বিশ্বাসযোগ্যতা এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।‘

আইজেএ উদযাপন কমিটির চেয়ারম্যান জিগর রমেশ দোশি বলেন, ‘এই অনুষ্ঠান শুধু অতীতকে সম্মান জানানোর নয়, সাংবাদিকতার মূল মূল্যবোধ রক্ষার প্রতি আমাদের যৌথ দায়বদ্ধতাকেও নতুন করে স্মরণ করিয়ে দেয়। সংবাদমাধ্যমের চরিত্র বদলালেও আইজেএ-কে সততা, মেন্টরশিপ ও পেশাগত সংহতির একত্রিত মঞ্চ হিসেবে এগিয়ে যেতে হবে।‘

আইজেএ-র সম্পাদক দেবাশিস দাস এই উদযাপনকে আত্মসমীক্ষা ও নতুন অঙ্গীকারের মুহূর্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ঔপনিবেশিক সময় থেকে ডিজিটাল যুগ পর্যন্ত আইজেএ ধারাবাহিকভাবে সাংবাদিকদের সমষ্টিগত কণ্ঠস্বর হয়ে উঠেছে। আজ প্রবীণ সহকর্মীদের সম্মান জানিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের মূল্যবোধের কথা স্মরণ করছি।‘

মঙ্গলবারের অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক, দৈনিক স্টেটসম্যান পত্রিকার প্রাক্তন সম্পাদক মানস ঘোষ ও বর্তমান আধিকারিক গোবিন্দ মুখোপাধ্যায়-সহ অনেকে। একটি মুক্ত, ন্যায়সংগত, দায়িত্বশীল সংবাদমাধ্যমের পাশে অবিচল থাকার পাশাপাশি সাংবাদিক কল্যাণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।

 

Advertisement