• facebook
  • twitter
Tuesday, 10 February, 2026

এসআইআর-এর জেরে উচ্চ মাধ্যমিকে পরিদর্শকের ‘ঘাটতি’ মেটাতে দায়িত্বে প্রাথমিক শিক্ষকরা

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ৭ হাজার শিক্ষককে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিদর্শক হিসেবে কাজে লাগাতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

বাংলায় চলছে এসআইআর প্রক্রিয়া। বিএলও-র কাজে যুক্ত হয়েছেন বহু শিক্ষক। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাতে ইনভিজিলেটরের ঘাটতি হতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই আশঙ্কা থেকেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ৭ হাজার শিক্ষককে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিদর্শক হিসেবে কাজে লাগাতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার সে কথা স্পষ্ট করেছে সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘ প্রতি বছরই প্রয়োজন হলে মাধ্যমিক, প্রাথমিক স্তরে থেকে শিক্ষকদের দায়িত্ব দেওয়ার নির্দেশিকা থাকে। এ বছর এসআইআর আবহে অনেক শিক্ষকই ব্যস্ত। আমাদের কাছে সঠিক তথ্যও নেই। তাই শিক্ষক পেতে কোনও সমস্যা হলে তা বিকাশ ভবন দেখবে বলে জানানো হয়েছে। ১০ ফেব্রুয়ারি জেলা স্কুল পরিদর্শক এবং জয়েন্ট কনভেনরদের সঙ্গে এ সংক্রান্ত বৈঠক রয়েছে। সেখানেই ঠিক হবে কত জন সরকারি কর্মীকে সেন্টার ইনচার্জের কাজে নিযুক্ত করা যেতে পারে।‘

Advertisement

উচ্চ মাধ্যমিকের চতুর্থ বা ফাইনাল সেমেস্টার পরীক্ষা শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে। সেই সঙ্গে হবে তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি ও পুরনো পদ্ধতির উচ্চমাধ্যমিক। পরীক্ষা শেষ হচ্ছে ২৭ ফেব্রুয়ারি। তিনটি পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লাখ ১০ হাজার। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৭৯ হাজার ৩৪৭ জন বেশি। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে সকাল দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত। তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি হবে দুপুর ১টা থেকে দুপুর ২টো ১৫ মিনিট পর্যন্ত। পুরনো পদ্ধতির পরীক্ষা হবে সকাল দশটা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত।

Advertisement

মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২১০৩। প্রতিটি কেন্দ্রের মূলগেটে মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন ও অন্য বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার্থীরা ঢুকছে কি না, তা দেখা হবে। পরীক্ষা চলাকালীন কারও কাছে এগুলি পাওয়া গেলে পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষাই বাতিল করা হবে। প্রশ্নপত্রের প্যাকেট ভেনু সুপারভাইজারের কাছে খোলা যাবে না। পরীক্ষার্থীদের সামনে সকাল ৯ টা৫০ মিনিটে তা খুলে বিলি করতে পারবেন পরিদর্শক। পরীক্ষার্থী দশটা পর্যন্ত প্রশ্নপত্র শুধু পড়তে পারবে। পরীক্ষা সংক্রান্ত একটি হেল্প ডেস্ক নম্বরও (৬২৮৯৮৮৬৬০৬/০৩৩-২৩২১৩২১৬) চালু করেছে সংসদ। ইতিমধ্যেই ফাঁকা উত্তরপত্র, ওএমআর, প্রশ্নপত্র যথাস্থানে হস্তান্তর করা হয়েছে।

Advertisement