• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

অসুস্থ শরদ পাওয়ার, পুণের হাসপাতালে ভর্তি এনসিপি প্রধান

রবিবার রাত থেকে কাশি, বুকে চাপ ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেওয়ায় সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়

অসুস্থ শরদ পাওয়ার, পুণের হাসপাতালে ভর্তি এনসিপি প্রধান

 মহারাষ্ট্রের বর্ষীয়ান রাজনীতিবিদ ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার অসুস্থ হয়ে পুণের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। রবিবার রাত থেকে কাশি, বুকে চাপ ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেওয়ায় সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বারামতীর বাসভবন থেকে পুণের রুবি হল ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেই সময় তাঁর সঙ্গে স্ত্রী ও মেয়ে  ছিলেন।

হাসপাতাল সূত্রে খবর, শরদ পাওয়ারের গলায় সংক্রমণ ধরা পড়েছে। রুবি  ক্লিনিকের প্রধান কার্ডিওলজিস্ট পারভেজ গ্র্যান্ট জানিয়েছেন, হাসপাতালে পৌঁছনোর পরই তাঁকে পরীক্ষা করা হয়েছে। প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার পর শারীরিক পরিস্থিতি অনুযায়ী পরবর্তী চিকিৎসা করা হবে। আপাতত তাঁর অবস্থার ওপর নজর রাখা হচ্ছে বলেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

৮৫ বছরের শরদ পাওয়ার নব্বইয়ের দশকে ওরাল ক্যানসারে আক্রান্ত হন। দেশে-বিদেশে একাধিক অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতিতে রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে এনসিপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে। উল্লেখ্য, কিছু দিন আগেই বিমান দুর্ঘটনায় শরদের ভাইপো অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে। পারিবারিক শোকের আবহের মধ্যেই এই অসুস্থতা দলের অন্দরে উদ্বেগ আরও বাড়িয়েছে।