বিজেপি শাসিত রাজ্যে উচ্চবর্ণের হাতে মার খেলেন এক দলিত শ্রমিক। ওই যুবকের নাম অনিকেত জাঠব। তিনি পেশায় এক গ্যারেজের কর্মী। ৭ জন ঠাকুর সম্প্রদায়ের ব্যক্তি তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রবুপুরা এলাকায়। ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর সময়। সারা উত্তর ভারতে সেই সময় ঘটা করে পালিত হয় নবরাত্রি। বসে রামলীলার আসর। সেখানেই অনিকেতের এক বন্ধুকে তাঁর জাত তুলে কটাক্ষ করছিল সাত ঠাকুর সম্প্রদায়ের লোক। ঘটনার প্রতিবাদ করেন অনিকেত।
সেই থেকেই দু’জনকে টার্গেট করে একাধিকবার হামলা চালিয়েছে ওই ৭ জন ঠাকুর সম্প্রদায়ের ব্যক্তি। গত ১৫ অক্টোবর ছিল অনিকেতের জন্মদিন। সেই রাতে বাড়ির কাছে বন্ধুদের সঙ্গে কেক কাটছিলেন অনিকেত। সেই সময়ই তাঁর উপর অভিযুক্তরা হামলা চালায়। অনিকেতের কাকা সুমিতকে বেধড়ক মার মারা হয়। আহত অবস্থায় দু’জনকে প্রথমে স্থানীয় এবং পরে দিল্লির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে অনিকেতের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সুমিত। ঘটনার তদন্তে নেমে দু’জনকে আটক করেছে পুলিশ।
Advertisement
Advertisement
Advertisement



