• facebook
  • twitter
  • youtube
Tuesday, 18 August, 2026

শান লাইভ ইন কনসার্ট: কলকাতা

আবেগ ও নস্টালজিয়ার ঢেউয়ে সঙ্গীতশিল্পী শান তাঁর অসাধারণ সঙ্গীতযাত্রার ২৫ বছর পূর্তি উদযাপন করলেন 'দ্য ইনফিনিটি ট্যুর'-এর মাধ্যমে।

শান লাইভ ইন কনসার্ট: কলকাতা

শুক্রবার বৃষ্টিস্নাত সন্ধ্যা ভেসে গেল সুরের মূর্ছনায়। শানের ‘শানদার’ শোয়ের সাক্ষী থাকল কলকাতা শহর। আবেগ ও নস্টালজিয়ার ঢেউয়ে ভারতের প্রিয় সঙ্গীতশিল্পী শান তাঁর অসাধারণ সঙ্গীতযাত্রার ২৫ বছর পূর্তি উদযাপন করলেন ‘দ্য ইনফিনিটি ট্যুর’-এর মাধ্যমে, বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে। ঘড়ির কাটায় সন্ধ্যা সাতটায় শ্বেতশুভ্র বসনে মঞ্চে এসে দর্শকদের মন জয় করলেন শান।

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এই গ্র্যান্ড কনসার্টে শান পরিবেশন করেন একের পর এক জনপ্রিয় গান, যা তাঁর সঙ্গীতজীবনের মাইলফলক হয়ে রয়েছে। ‘তনহা দিল’, ‘চাঁদ সিফারিশ’, ‘জব সে তেরে নয়না’, ‘মুসুমুসু হাসি’, ‘চল ও চলেন’, ‘বেহকা’, ‘সুনো না’, ‘কুচ তো হুয়া হ্যায়’। প্রতিটি গানে ছিল ভালোবাসা, স্মৃতি, ও আবেগের সুর। দর্শকরা তালে তালে গলা মিলিয়ে গেয়েছেন তাঁর সঙ্গে, যেন পুরো হলটি পরিণত হয়েছে এক বিশাল সঙ্গীত পরিবারে।

ইভেন্টটি আয়োজন করেছিল বেঙ্গল ওয়েব সলিউশন, সহযোগিতায় ছিল পার্পল ইভেন্ট। দুর্দান্ত স্টেজ প্রোডাকশন, রঙিন আলো, প্রিমিয়াম সাউন্ড ডিজাইন এবং প্রাণবন্ত পরিবেশে সাজানো এই কনসার্টে দর্শকরা উপভোগ করেছেন এক অনন্য লাইভ মিউজিক অভিজ্ঞতা, যা দীর্ঘদিন মনে থাকবে কলকাতার সঙ্গীতপ্রেমীদের।

শান তাঁর পারফরম্যান্সে শুধু গান নয়, জীবনের মুহূর্তগুলোকেও ছুঁয়ে গিয়েছেন সুরের মাধ্যমে – ‘সঙ্গীত শুধু বিনোদন নয়, এটা ভালোবাসার এক ভাষা’, বলে মন্তব্য করেন তিনি মঞ্চে। তাঁর বৈবাহিক জীবনও পূর্ণ করল পঁচিশ বছর। শ্রোতাদের গান শোনাতে শোনাতে ফোনে স্ত্রীর সঙ্গে করবা চৌথ ব্রত উদযাপনের মুহূর্তটা ছিল খুবই মিষ্টি।