• facebook
  • twitter
Friday, 13 February, 2026

বপ্ট (পূর্বাঞ্চল) প্রশিক্ষণ দিল ১.৩৩ লক্ষ শিক্ষানবিশকে

যুবশক্তিকে দক্ষ করে তোলার পথে নয়া নজির

প্রতিনিধিত্বমূলক চিত্র

দেশজুড়ে যুবসমাজের কর্মসংস্থান বাড়াতে উদ্যোগী হয়েছে ভারত সরকার। স্নাতক স্তর থেকেই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়িয়ে তুলছে কেন্দ্রীয় সরকারের বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ‘বপ্ট’। ২০২৪-২৫ অর্থবর্ষে ‘বপ্ট’-এর পূর্বাঞ্চলীয় বিভাগ নতুন নজির গড়েছে। বিগত অর্থবর্ষে ১ লক্ষ ৩৩ হাজার ৮৩৬ জন শিক্ষানবিশকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ চলাকালীন প্রতিটি শিক্ষার্থী ভাতা পায়। গত অর্থবর্ষে ভাতা বাবদ ২৬৪ কোটিরও বেশি টাকা প্রদান করেছে ‘বপ্ট’। শনিবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পালিত হল তাদের আঞ্চলিক শিক্ষানবিশ দিবস ২০২৫। একইসঙ্গে, এই বছর ৫০ বছরের সাফল্যের পথচলা উদযাপন করছে সংস্থাটি।

Advertisement

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আইএএস ও বিহার সরকারের উপদেষ্টা বৈদ্যনাথ যাদব, টাটা ইন্টারন্যাশনাল বাটানগরের ডিরেক্টর আর. এন. লাহিড়ী সহ বিশিষ্টজনেরা। বপ্ট (পূর্বাঞ্চল)-এর ডিরেক্টর ডঃ এসএম এজাজ আহমেদ বলেন, ‘পাঁচ দশকেরও বেশি সময় ধরে আমরা তরুণদের শিল্প-প্রস্তুত করে তুলতে নিরলস পরিশ্রম করছি। “ন্যাটস অন রিলস”-এর মতো নতুন উদ্যোগ এবং এআই ও হেলথকেয়ার সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে ভারতের তরুণদের ভবিষ্যৎ আরও শক্তিশালী করতে চাই।’

Advertisement

এদিনের অনুষ্ঠানে পুরস্কৃতদের মধ্যে ছিলেন, টাটা স্টিলের সিদ্ধার্থ রায় (অ্যাপ্রেনটিস অফ দ্য ইয়ার), অয়েল ইন্ডিয়া লিমিটেড, আসাম (এস্টাব্লিশমেন্ট অফ দ্য ইয়ার), এবং এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর (ইনস্টিটিউশন অফ দ্য ইয়ার)।

বর্তমান অর্থবর্ষে লক্ষাধিক শিক্ষানবিশকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়েছে বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং। বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি নিয়ে তাদের নতুন উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে তরুণ প্রজন্মের।

Advertisement