আমেরিকার বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিভ্রাটের সময় আকাশে ছিল সাড়ে ৩৫০০ বিমান! কী কারণে বন্ধ হয়েছিল উড়ান?

Iamge:SNS

আমেরিকার পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থায় কী কারণে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখছেন মার্কিন আধিকারিকরা। শুক্রবার এই প্রযুক্তিগত বিভ্রাটের জেরে দেশজুড়ে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। মার্কিন স্বরাষ্ট্রসচিব মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এখনও পর্যন্ত সাইবার হামলার কোনও প্রমাণ মেলেনি। তবে তদন্তের স্বার্থে সেই সম্ভাবনাও একেবারে উড়ে দেওয়া যাচ্ছে না।

শুক্রবার সন্ধ্যায় প্রযুক্তিগত ত্রুটি মেরামত করার পর নিষেধাজ্ঞা তুলে নেয় এফএএ। তবে মার্কিন পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, বিমান পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। উড়ান সূচি নতুন করে সাজাতে গিয়ে বিমান সংস্থাগুলিকে বিমান বাতিলের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

কী কারণে বন্ধ হয়েছিল আমেরিকার বিমান চলাচল?


হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে শন ডাকি জানান, শুক্রবার স্থানীয় সময় দুপুর ৩টে ৩৬ মিনিটে এই বিভ্রাটি শুরু হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল কেন্দ্রগুলির রাডার ও যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়।

তাঁর ব্যাখ্যা অনুযায়ী, পুরনো অ্যানালগ টেলিযোগাযোগ ব্যবস্থার সুইচ ও রাউটারগুলিতে অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হয়েছিল। এর ফলে বিমান নিয়ন্ত্রকদের কাছে পৌঁচনো তথ্যে অসঙ্গতি দেখা দেয়। তবে ঠিক কী কারণে এই অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল, তা এখনও নিশ্চিত করতে পারেননি আধিকারিকরা।

ডাফি জানিয়েছেন, বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আধুনিক করার জন্য যে নতুন ডিজিটার সরঞঅজাম বসানো হয়েছেষ সেগুলি সেই বিভ্রাটের সময়ও কাজ করছিল। এফএএ-র কোনও সফটওয়্যার আপডেট বা প্যাচিংয়ের কারণে এই সমস্যা তৈরি হয়েছিল কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি তা অস্বীকার করেছেন। তবে প্রযুক্তিগত বিষয়গুলি এখনও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ১১ সেপ্টেম্বরের পর ফের কয়েক ঘণ্টার জন্য আমেরিকা জুড়ে বন্ধ বিমান চলাচল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

সাইবার হামলার সম্ভাবনা কি রয়েছে?

মার্কিন স্বরাষ্ট্র সচিব মুলিন জানিয়েছেন, তদন্তকারীরা এখনও পর্যন্ত সাইবার হামলার প্রমাণ পাননি। তবে কোনও সম্ভাবনাকেই তাঁরা উড়িয়ে দিচ্ছেন না। মুলিনের কথায়, ‘এই মুহূর্তে কোনও বিষয়ই সম্পূর্ণ নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।’ তাঁর আরও দাবি, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সমস্যাটি যান্ত্রিক বা প্রযুক্তিগত কারণে ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার কোনও অনিয়ন্ত্রিত কার্যকলাপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তদন্তকারীরা এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক অনলাইন কার্যকলাপ, হামলার দায় স্বীকারের দাবি কিংবা সংশ্লিষ্ট ব্যবস্থায় অনুপ্রবেশের নির্দিষ্ট চিহ্ন খুঁজে পাননি। মুলিন আরও স্পষ্ট করেছেন, মাইক্রোসফটের পৃথক পরিষেবা বিভ্রাটের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই।

বিভ্রাটের সময় আকাশে ছিল ৩৫০০-বেশি বিমান

শন ডাফি জানিয়েছেন, দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ যখন জারি করা হয়েছিল, তখন আমেরিকার আকাশে ৩৫০০-রও বেশি বিমান উড়ছিল। তবে সেই সময় রাডার বা যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অকেজো হয়ে যায়নি বলেও জানিয়েছেন তিনি।

বিমানচালক এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে বিমানগুলিকে নিরাপদে অবতরণ করান। জরুরি চিকিৎসার জন্য বিমান, অত্যাবশ্যক চিকিৎসা সরঞ্জাম বহনকারী বিমান এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহৃত বিমানগুলিকে ছাড় দেওয়া হয়েছিল। পরে এফএএ নিশ্চিত করে, আকাশে থাকা সমস্ত বিমানের অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া গিয়েছে। আন্তর্জাতিক বিমানগুলির ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে আলাদা আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পুরনো বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন

এই ঘটনার পর আমেরিকার বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আধিকারিকদের দাবি, কয়েক দশক পুরনো টেলিযোগাযোগ প্রযুক্তির উপর এখনও নির্ভর করতে হয় মার্কিন বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে।

মুলিন এই পরিকাঠামোর দুর্বলতাকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘এটি জাতীয় নিরাপত্তার ঝুঁকি। পুরনো ব্যবস্থা এবং তার দুর্বলতার কারণে কী ঘটতে পারে, আমরা তা দেখলাম।’ এই পরিকাঠামো বদলানোর জন্য কংগ্রেসের কাছে অর্থ বরাদ্দের আবেদন জানিয়েছেন তিনি।

শন ডাফিও জানিয়েছেন, বার বার পুরনো ব্যবস্থার মেরামতি না করে সম্পূর্ণ নতুন বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার জন্য কংগ্রেসের সব দলের সমর্থনে অর্থ বরাদ্দ প্রয়োজন। আমেরিকার বিভিন্ন বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার, টার্মিনাল রাডার কেন্দ্র এবং আঞ্চলিক নিয়ন্ত্রণ কেন্দ্রগুলিকে সংযুক্ত রাখে এই নেটওয়ার্ক। দেশের আকাশসীমায় বিমান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বও এই ব্যবস্থার উপরেই।

আরও পড়ুন: ‘আমি জঘন্য মানুষ’, পদত্যাগের আগে ভেঙে পড়েছিলেন এনভিডিয়ার জেনসেন হুয়াং

নিষেধাজ্ঞা উঠলেও স্বাভাবিক হয়নি বিমান পরিষেবা

এফএএ ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলির পরিষেবা ফিরিয়ে আনলেও বিমান চলাচল স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন ডাফি। দীর্ঘক্ষণ উড়ান বন্ধ থাকায় বিমান সংস্থাগুলিকে নতুন করে সূচি তৈরি করতে হচ্ছে। পাশাপাশি বিমানচালক এবং কেবিন ক্রুদের উপরেও পরিষেবা স্বাভাবিক হওয়ার বিষয়টি নির্ভর করছে।

আমেরিকাগামী এবং আমেরিকা থেকে ভারতে আসা যাত্রীদের সম্ভাব্য সমস্যার বিষয়ে সতর্ক করেছে এয়ার ইন্ডিয়াও। বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে যাত্রীদের নিজেদের বিমানের সর্বশেষ সময়সূচি দেখে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, আমেরিকার বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঠিক কোন প্রযুক্তিগত ত্রুটির কারণে এত বড় বিপর্যয় ঘটল, তার চূড়ান্ত উত্তর এখনও মেলেনি। তদন্ত চলছে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RJaUOzFfzes?si=7erd6j0IurBqq9-S” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>