• facebook
  • twitter
  • youtube
Wednesday, 26 August, 2026

ইসলামাবাদের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ১৪ সদ্যোজাতের

খবর পেয়ে দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পরও ফের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বেশ কিছুক্ষণ ধরে কুলিং অপারেশন চালানো হয়।

ইসলামাবাদের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ১৪ সদ্যোজাতের

Photo: Statesman

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার সকালে অগ্নিকাণ্ডে ১৪ সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হেলথ ওয়ার্ডের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ১৫টি সদ্যোজাত শিশু ছিল। তাদের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭টার আগে নার্সারিতে আগুন লাগে। খবর পেয়ে দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পরও ফের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বেশ কিছুক্ষণ ধরে কুলিং অপারেশন চালানো হয়।

ইসলামাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকাজে ৬টি দমকলের গাড়ি ও ৪টি অ্যাম্বুল্যান্স মোতায়েন করা হয়েছিল। দমকলকর্মীরা মই ব্যবহার করে ভাঙা জানলা দিয়ে আগুন লাগার জায়গায় প্রবেশ করে। নিরাপত্তার স্বার্থে হাসপাতালের অন্যান্য অংশের রোগীদেরও সরিয়ে নেওয়া হয়।

হাসপাতালের এক মুখপাত্র জানান, হাসপাতালে থাকা ১৫ শিশুর মধ্যে একজনকে চিকিৎসক উদ্ধার করেন। বাকি ১৪ সদ্যোজাত শিশুর আগুনে পুড়ে মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। দমকলকর্মীদের প্রাথমিক ধারণা, নার্সারিতে থাকা একটি এসির কম্প্রেসর ফেটে আগুন লেগে থাকতে পারে। তবে ওই হাসপাতালের কর্তৃপক্ষের দাবি, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।

আরও পড়ুন: সীমান্তে শান্তির বার্তা, চিনের উপরাষ্ট্রপতির সঙ্গে ডোভালের বৈঠক

ঘটনার প্রকৃত কারণ জানতে ইসলামাবাদ জেলা প্রসাশন একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেলের নেতৃত্বাধীন এই কমিটি অগ্নিকাণ্ডের কারণের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে।