• facebook
  • twitter
Wednesday, 18 February, 2026

রাজস্থানে ১০,০০০ কেজি বিস্ফোরক উদ্ধার

শনিবার গভীর রাতে রাজস্থানের নাগৌর জেলার হারসৌর গ্রাম থেকে বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়

প্রতীকী ছবি

প্রজাতন্ত্র দিবসের আগে রাজস্থান থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক । মোট ১৮৭টি বস্তায় ৯,৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গিয়েছে বলে খবর।  এই বিস্ফোরক মজুতের জন্য এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সুলেমান খান। ঠিক কী কারণে এত বিস্ফোরক তিনি মজুত করেছিলেন, এখনও স্পষ্ট নয়। এই  তদন্তে কেন্দ্রীয় সংস্থা হস্তক্ষেপ করতে পারে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার গভীর রাতে রাজস্থানের নাগৌর জেলার হারসৌর গ্রাম থেকে বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়। রবিবার রাতে সাংবাদিক বৈঠক করে রাজস্থান পুলিশ সে কথা জানিয়েছে। নাগৌরের পুলিশ সুপার মৃদুল কছওয়া জানিয়েছেন, গোপন সূত্রে গ্রামে বিস্ফোরক মজুতের খবর পেয়েছিলেন তাঁরা। দেরি না করে মধ্যরাতেই অভিযান চালানো হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত সুলেমান হারসৌর গ্রামেরই বাসিন্দা। ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর নামে পুলিশের খাতায় তিনটি মামলা ছিল। অ্যামোনিয়াম নাইট্রেট ছাড়াও ওই গ্রাম থেকে পাওয়া গিয়েছে বিস্ফোরক তৈরির আনুষঙ্গিক বেশ কিছু সামগ্রী। মিলেছে ডিটোনেটর তৈরির ন’টি কার্টন, ১৫ বান্ডিল ব্লু ফিউজ় তার, ১২টি কার্টন, পাঁচ বান্ডিল রেড ফিউজ় তার।

Advertisement

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে এই বিস্ফোরক মজুতের তেমন কোনও যোগ নেই। এগুলি আইনি এবং বেআইনি খননকার্যের জন্য জোগান দিচ্ছিলেন অভিযুক্ত। তবে তিনি জিজ্ঞাসাবাদের মুখে সদুত্তর দিতে পারেননি। বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement