রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের নিউ ইয়র্ক সফর ঘিরে বিতর্ক ঘনাল। আগামী ২৯ আগস্ট ম্যানহাটানের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ নামে এক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাগবতের উপস্থিত থাকার কথা। সেই কর্মসূচি নিয়ে প্রকাশ্যেই আপত্তি জানালেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত কোনও অনুষ্ঠান বাতিল করার আইনি ক্ষমতা শহরের প্রশাসনের রয়েছে কি না তা তাঁর জানা নেই।
মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মামদানি বলেন, ‘আমি এই সভাকে সমর্থন করি না। তবে ব্যক্তিগত স্তরে আয়োজিত কোনও অনুষ্ঠান বাতিল করার কোনও এক্তিয়ার শহরের প্রশাসনের আদৌ আছে কি না তা আমি জানি না।’
‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়লগ’ বা এএইচইডি-র উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন। আয়োজকদের দাবি, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বার্তা তুলে ধরাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। তবে মামদানি অনুষ্ঠানের বিরোধিতা করে তাঁর নিজের ভারত-যোগের কথাও তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, পরিবার থেকে ভারতের যে ছবি তিনি পেয়েছেন এবং যে মূল্যবোধ নিয়ে বড় হয়েছেন, তা হল একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও বহুত্ববাদী সমাজ, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করেন।
মামদানি বলেন, কোনও দেশের নাগরিকত্ব বা জাতীয় পরিচয়কে যদি একটি নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর সঙ্গে জুড়ে দেওয়া হয় এবং অন্যদের দূরে সরিয়ে রাখা হয়, তা তাঁকে উদ্বিগ্ন করে। নিউ ইয়র্কও যে বিভিন্ন ধর্ম, বর্ণ ও পরিচয়ের মানুষের শহর, সে কথা উল্লেখ করে তিনি জানান, সেই কারণেই এই কর্মসূচির সঙ্গে তিনি একমত নন।
১৯২৫ সালে প্রতিষ্ঠিত আরএসএসের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবেই ভাগবতের এই আন্তর্জাতিক সফর বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। ২৫ আগস্ট আমেরিকায় পৌঁছেছেন ভাগবত। নিউ ইয়র্কের অনুষ্ঠানের পর তাঁর কানাডা ও ব্রিটেন সফরেরও কর্মসূচি রয়েছে। নিউ ইয়র্কের অনুষ্ঠানে প্রায় ৫,০০০ মানুষের সমাগম হতে পারে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।
ভাগবতের কর্মসূচি ঘিরে নিউ ইয়র্কে অবশ্য মতভেদও তৈরি হয়েছে। একদিকে মামদানির মতো ব্যক্তিত্ব প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন, অন্য দিকে মার্কিন অভিনেত্রী ও গায়িকা মেরি মিলবেন ভাগবতের অনুষ্ঠানের বিরোধিতার সমালোচনা করেছেন। ফলে ২৯ আগস্টের কর্মসূচিকে ঘিরে নিউ ইয়র্কের রাজনৈতিক ও প্রবাসী ভারতীয় মহলে বিতর্ক আরও জোরালো হয়েছে।




