বিপুল জনসমর্থন পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর তাঁকে শুভেচ্ছা জানালেন এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে দেড় বছর সংখ্যালঘু নির্যাতনকে ঘিরে দুই দেশের মধ্যে তিক্ততার সম্পর্ক গড়ে উঠেছিল। আশা করা হচ্ছে নব নির্বাচিত দল বাংলাদেশের ক্ষমতায় এলে সম্পর্কের কালো মেঘ কিছুটা হলেও সরবে। তবে দুই বাংলার মধ্যে বরাবর সৌহার্দ্যের সম্পর্ক ছিল। মাঝের এই সম্পর্কটুকু বাদে। এবার সেই তিক্ততা ভুলে সম্পর্ক মধুর করতে উদ্যোগী হল এপার বাংলা।
তারই প্রাথমিক ধাপ হিসেবে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে উপহার স্বরূপ মিষ্টি এবং ফুল পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম। মুখ্যমন্ত্রীর উপহার পেয়ে আবেগে ভাসলেন খালেদাপুত্র।
Advertisement
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ছিল ভালো। ২০২৪ সালে বাংলাদেশে হাসিনা জমানা পতনের পর কূটনৈতিক কারণেই সেই সম্পর্কে ছেদ পড়ে। তবে সেই অধ্যায় এখন অতীত। বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নতুন সরকার নির্বাচন করেছেন। প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের জেতার পর এক্স হ্যান্ডলে শুভেচ্ছাবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement
তারেকের শাসনকালে দুই বাংলার সুসম্পর্ক আরও গতি পাবে বলে আশাপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার ফুল ও মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানালেন মমতা। বাংলার মিষ্টি পাঠিয়ে দুই বাংলার মধ্যে মমতা ফের সম্পর্কের ভিত মজবুত করতে চাইলেন বলে মত ওয়াকিবহাল মহলের। তারেকও কি হাসিনার মতো সুসম্পর্ক গড়ে তুলতে হাত বাড়াবেন, এখন সেটাই দেখার।
Advertisement



