• facebook
  • twitter
Wednesday, 18 February, 2026

বুধবার বাংলাদেশের নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠক, জাতির উদ্দেশে ভাষণ তারেকের

সন্ধ্যা সাড়ে ৬টায় (ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর

বাংলাদেশের নবগঠিত মন্ত্রীসভার প্রথম বৈঠক বুধবার দুপুরে অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকের আগে বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গেও আলোচনা করবেন বলে জানা গিয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় (ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেই ভাষণে সরকারের নীতি, অগ্রাধিকার ও আগামী দিনের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরতে পারেন তিনি।

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যেরা শপথ নেন। ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক ও তাঁর মন্ত্রীসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রীসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। একই রাতেই মন্ত্রকদের দপ্তর বণ্টন চূড়ান্ত করে বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের মন্ত্রীপরিষদ বিভাগ।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদেশমন্ত্রী হয়েছেন খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তী সরকারের সময় মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নিতাই রায় চৌধুরী। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নিজের হাতেই রেখেছেন জনপ্রশাসন ও প্রতিরক্ষা মন্ত্রক। বুধবার সকালে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ গিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রীসভার অন্যান্য সদস্যরাও।

 

 

 

Advertisement