• facebook
  • twitter
Monday, 16 February, 2026

পাকিস্তানে ফের বিস্ফোরণ, অটোয় রাখা বোমা ফেটে নিহত শিশু-সহ ২

জখম অন্তত ১৬ জন

ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। সোমবার সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক থানার সামনে অটোর ভিতর রাখা বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক শিশু-সহ অন্তত দু’জনের। জখম হয়েছেন আরও অন্তত ১৬ জন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে বানু জেলায়, যা ওয়াজিরিস্তান সীমান্তের কাছাকাছি। একটি থানার সামনে রাস্তার ধারে একটি অটো দাঁড়িয়ে ছিল। সেই অটোর মধ্যেই বিস্ফোরক রাখা ছিল বলে প্রাথমিক অনুমান। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আশপাশের বেশ কয়েক জন গুরুতর জখম হন।

Advertisement

ঘটনার পরই এলাকা ঘিরে ফেলে স্থানীয় পুলিশ ও নিরাপত্তাবাহিনী। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে। কারা এই হামলার সঙ্গে যুক্ত, সে বিষয়েও এখনও কোনও সংগঠন দায় স্বীকার করেনি। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

উত্তর-পশ্চিম পাকিস্তানের এই প্রদেশে দীর্ঘ দিন ধরেই বিদ্রোহী গোষ্ঠীগুলির সক্রিয়তা রয়েছে। আফগানিস্তান সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে মাঝেমধ্যেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে সাম্প্রতিক বিস্ফোরণ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হন এবং দেড়শোর বেশি মানুষ জখম হন। সেই হামলার পর দেশ জুড়ে জঙ্গি দমনে অভিযান শুরু হয়। খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার থেকে তিন জনকে গ্রেফতারও করা হয়েছিল। পরে তদন্তে বালোচ বিদ্রোহীদের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছিল। নতুন করে বানুর বিস্ফোরণ সেই প্রদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আরও প্রশ্ন তুলে দিল। তবে অটো-বোমা হামলার পেছনে কারা রয়েছে, তা স্পষ্ট হতে তদন্তের ফলাফলের অপেক্ষা।

 

Advertisement