শীত ধীরে ধীরে বিদায় নিয়েছে। বসন্ত সমাগত। আর বসন্তের শুরুতে প্রকৃতির হঠাৎ রূপ বদল। বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই মত মঙ্গলবার ভোর সাড়ে চারটে থেকে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে লক্ষ্য করা যায় আবহাওয়ার এই পরিবর্তন। উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হুগলি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়।
কলকাতার বিভিন্ন জায়গায় মাঝারি বৃষ্টি হলেও সময়ের সঙ্গে তার তীব্রতা কমে আসে। বৃষ্টিপাতের সময় বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়ার দাপট দেখা যায়। যদিও বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঝোড়ো হাওয়ার প্রভাব ছিল দীর্ঘস্থায়ী। মহানগরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়। পরে তা বন্ধ হলেও জোরে হাওয়া বইতে থাকে। এর জেরে বিভিন্ন জেলায় আমের মুকুল ঝরে পড়ার খবর মিলেছে।
Advertisement
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টিপাত। এর জেরে চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের অন্তত নয়টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম-সহ কয়েকটি জেলায়। জারি হয়েছে হলুদ সতর্কতা।
Advertisement
শুধু দক্ষিণেই নয়, উত্তরবঙ্গের আবহাওয়াতেও রয়েছে এইক রকমের ইঙ্গিত। জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বসন্তের শুরুতেই প্রকৃতির এই রূপ বদল রাজ্যবাসীকে নতুন করে সতর্ক থাকার বার্তা দিচ্ছে।
Advertisement



