• facebook
  • twitter
  • youtube
Sunday, 5 July, 2026

অপরাধ ঠেকাতে কড়া বার্তা চন্দননগর পুলিশ কমিশনারের

সোনার দোকানে ডাকাতি, ছিনতাই ও প্রতারণার ঝুঁকি মোকাবিলায় এবার আরও কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলতে উদ্যোগী হল চন্দননগর পুলিশ কমিশনারেট।

অপরাধ ঠেকাতে কড়া বার্তা চন্দননগর পুলিশ কমিশনারের

PHOTO- FACEBOOK

সোনার দোকানে ডাকাতি, ছিনতাই ও প্রতারণার ঝুঁকি মোকাবিলায় এবার আরও কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলতে উদ্যোগী হল চন্দননগর পুলিশ কমিশনারেট। শ্রীরামপুর মহকুমাজুড়ে স্বর্ণ ব্যবসায়ী ও তাঁদের কর্মচারীদের নিয়ে আয়োজিত এক বিশেষ সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাওয়ারনেস বৈঠকে নিরাপত্তা ব্যবস্থার একাধিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন পুলিশ কমিশনার সুনীলকুমার যাদব।

বৈঠকে পুলিশ কমিশনার জানান, অপরাধ ঘটার পর তদন্তের চেয়ে অপরাধ যাতে না ঘটে, সেই প্রতিরোধমূলক ব্যবস্থাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ। সেই লক্ষ্যে স্বর্ণ ব্যবসায়ীদের আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, কর্মীদের সতর্কতা, সন্দেহজনক ব্যক্তির গতিবিধির উপর নজরদারি এবং পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বর্ণ ব্যবসায়ীদের প্রতি দেওয়া বার্তায় কমিশনার বলেন, ‘প্রত্যেক স্বর্ণ ব্যবসায়ীকে তাঁদের দোকানে কর্মরত কর্মচারীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। কর্মচারীর পূর্ণ পরিচয়, স্থায়ী ঠিকানা, পূর্বের কর্মস্থল এবং কোনও অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তা আগে থেকেই যাচাই করে নিতে হবে। কারণ, নিরাপত্তার প্রথম স্তর শুরু হয় প্রতিষ্ঠানের ভেতর থেকেই।’ তিনি আরও জানান, ভিন-রাজ্যের কোনও কর্মী নিয়োগের আগে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর বিস্তারিত পরিচয় সংগ্রহ করতে হবে। কোনও ধরনের ঝুঁকি এড়াতে এই যাচাই বাধ্যতামূলক হওয়া উচিত বলে জানান পুলিশ কমিশনার।

তবে শুধু স্বর্ণ ব্যবসা নয়, বড় শপিং মল, ব্যাঙ্ক, শোরুম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকেও একই ধরনের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার পরামর্শ দিয়েছে পুলিশ কমিশনারেট। কমিশনার যাদব বলেন, ‘সতর্কতা, পরিচয় যাচাই এবং পুলিশের সঙ্গে সমন্বয়-এই তিনটি বিষয় বড় ধরনের অপরাধ রুখতে সবচেয়ে বেশি কার্যকর।’ নিরাপত্তা নিয়ে কোনওরকম গাফিলতি না করার জন্য ব্যবসায়ীদের আবেদন জানান পুলিশ কমিশনার। স্বর্ণ ব্যবসাকে আরও সুরক্ষিত ও অপরাধমুক্ত রাখতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।