• facebook
  • twitter
  • youtube
Tuesday, 29 September, 2026

ভিথ্যার দুরন্ত শেষ ল্যাপ, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা ভারতের

আর রিলে ফাইনালে সেই ভিথ্যাই হয়ে উঠলেন ভারতের সোনার শেষ ভরসা। এক দিনের ব্যবধানে ব্রোঞ্জ থেকে সোনা—এশিয়ান গেমসে ভিথ্যা রামরাজের দৌড় যেন থামতেই চাইছে না।

ভিথ্যার দুরন্ত শেষ ল্যাপ, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা ভারতের

Photo: X

রেকর্ড ভাঙার পরের দিনই আরও বড় সাফল্য। ভিথ্যা রামরাজের দুরন্ত শেষ ল্যাপে ভর করে এশিয়ান গেমসে মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারত। কিরণ পাহাল, এম আর পুভাম্মা, প্রাচী চৌধুরী এবং ভিথ্যার ভারতীয় দল সময় করল ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ড। বাহরাইন ৩:৩০.২১ সেকেন্ড সময় করে রুপো এবং চিন ৩:৩১.০২ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পেয়েছে।

ভারতের অ্যাথলেটিক্সে চলতি এশিয়ান গেমসে এটাই প্রথম সোনা। আর ভিথ্যার জন্যও রাতটা হয়ে থাকল বিশেষ। সোমবারই ৪০০ মিটার হার্ডলসে পিটি ঊষার দীর্ঘ দিনের জাতীয় রেকর্ড ভেঙে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। তার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর গলায় উঠল সোনার পদক।

রিলে ফাইনালে শুরুটা করেছিলেন কিরণ পাহাল। প্রথম লেগ শেষে ভারত ছিল তৃতীয় স্থানে। দ্বিতীয় লেগে অভিজ্ঞ পুভাম্মা ভারতকে এগিয়ে দেন। ৩৬ বছরের পুভাম্মার জন্য এই সাফল্য আরও বিশেষ—এর আগে ২০১৪ এবং ২০১৮ এশিয়ান গেমসেও মহিলাদের ৪x৪০০ মিটারে সোনা জিতেছিলেন তিনি।

তৃতীয় লেগে প্রাচী সেই লিড ধরে রাখেন। তার পর ব্যাটন হাতে শেষ লেগে দৌড় শুরু করেন ভিথ্যা। শেষ বাঁকে গতি বাড়িয়ে চিন ও বাহরাইনের প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে দেন তিনি। শেষ পর্যন্ত ভারতের সোনা নিশ্চিত হয়।

ভিথ্যার কাছে এই এশিয়ান গেমস যেন স্বপ্নের মতো। ৪০০ মিটার হার্ডলসে ৫৪.৭৫ সেকেন্ড সময় করে পিটি ঊষার ১৯৮৪ সালের ৫৫.৪২ সেকেন্ডের জাতীয় রেকর্ড ভেঙেছিলেন তিনি। সেই দৌড়ের পর ভিথ্যা বলেছিলেন, ‘পদক আমাদের হাতে থাকে, কিন্তু সময় থাকে না। এই দৌড় কাল বা পরশু ফিরে আসবে না। আজ আমাদের দিন ছিল। তাই আমি পদকের জন্য নয়, সময়ের জন্য দৌড়েছিলাম’।

আর রিলে ফাইনালে সেই ভিথ্যাই হয়ে উঠলেন ভারতের সোনার শেষ ভরসা। এক দিনের ব্যবধানে ব্রোঞ্জ থেকে সোনা—এশিয়ান গেমসে ভিথ্যা রামরাজের দৌড় যেন থামতেই চাইছে না।

এটি চলতি গেমসে ভিথ্যার তৃতীয় পদক। এর আগে মিক্সড ৪x৪০০ মিটারে রুপো এবং মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

ভারতের জন্য তাই মঙ্গলবারের রাতটা শুধু আরও একটি সোনার রাত নয়। পিটি ঊষার রেকর্ড ভাঙার পর ভিথ্যার হাত ধরেই এল ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম সোনা।