উদ্বোধনের আগেই এশিয়ান গেমসে (Asian Games) ‘ঝড়’-এর রক্তচক্ষু। নাগোয়া-সহ জাপানের আইচি অঞ্চলে গত সপ্তাহের মুষলধারে বৃষ্টির ক্ষত এখনও পুরোপুরি শুকোয়নি। তার মধ্যেই এ বার ঘূর্ণিঝড়ের (Typhoon) আশঙ্কা। ট্রপিকাল স্টর্ম ‘দুজুয়ান’ জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে মধ্য জাপানের দিকে এগোচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার, ২১ সেপ্টেম্বর নাগোয়া-আইচি অঞ্চলের কাছে পৌঁছতে পারে সেটি (Typhoon)। ফলে গেমসের প্রথম সপ্তাহেই একাধিক ইভেন্টের সূচি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার উদ্বোধন হবে ২০তম এশিয়ান গেমসের (Asian Games) । ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। তবে ফুটবল, বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট-সহ বেশ কয়েকটি খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মোট ৪৩টি খেলায় অংশ নিচ্ছেন প্রায় ১৭ হাজার অ্যাথলিট ও আধিকারিক।
সমস্যার শুরু অবশ্য আরও আগে। গত সপ্তাহে নাগোয়া এবং আশপাশের এলাকায় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন। পরিবহণ পরিষেবা ব্যাহত হয়, একাধিক জায়গায় স্কুল বন্ধ রাখতে হয়। এমনকী, কয়েকশো ক্রীড়াবিদ ও আধিকারিককে তাঁদের থাকার জায়গা থেকে সরিয়েও নিতে হয়েছিল। আবহাওয়ার কারণে এশিয়ান গেমসের (Asian Games) কয়েকটি প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া বা স্থগিতও করতে হয়েছে।
এ বার নতুন করে ভয় বাড়াচ্ছে ‘দুজুয়ান’। বৃহস্পতিবার তা জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে অবস্থান করছিল। সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার, ঝোড়ো হাওয়ার গতি পৌঁছয় ঘণ্টায় ১২৬ কিলোমিটার পর্যন্ত। সেটি আরও শক্তিশালী হয়ে টাইফুনে (Typhoon) পরিণত হতে পারে কি না, তার উপর নজর রাখছেন আবহবিদেরা।
পরিস্থিতি নিয়ে সতর্ক জাপানের অলিম্পিক কমিটিও। জাপানের গেমস ডেলিগেশনের প্রধান এবং জাপান অলিম্পিক কমিটির বোর্ড সদস্য কোসেই ইনোয়ে বলেছেন, ‘প্রবল বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে ইতিমধ্যেই কয়েকটি প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া বা স্থগিত করতে হয়েছে। ২১ সেপ্টেম্বর একটি টাইফুন এগিয়ে আসার সম্ভাবনাও রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমরা জাপান অলিম্পিক কমিটির মধ্যে বিস্তারিত আলোচনা করছি, যাতে এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত থাকি এবং যথাযথ ভাবে ব্যবস্থা নিতে পারি।’
আবহাওয়ার প্রভাব ইতিমধ্যেই দেখা গিয়েছে ক্রিকেটে। বৃহস্পতিবার মহিলাদের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেনি চিন। নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কের মাঠ ভিজে থাকায় টস পর্যন্ত হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিয়ম অনুযায়ী বাংলাদেশ সেমিফাইনালে উঠে যায়। ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে তাদের সামনে ভারত-জাপান ম্যাচের বিজয়ী দল।
অর্থাৎ এশিয়ান গেমসের (Asian Games) আসল লড়াই শুরু হওয়ার আগেই প্রকৃতি যেন পরীক্ষা নিচ্ছে আয়োজকদের। এক দিকে বিপুল সংখ্যক ক্রীড়াবিদদের মনোযোগ আবাসন ও পরিবহণের চাপ। অন্য দিকে, বৃষ্টি এবং সম্ভাব্য টাইফুন নাগোয়ার ক্রীড়া উৎসবের আকাশে জমাতে শুরু করে দিয়েছে অনিশ্চয়তার মেঘ।
দেখুন: “উত্তর দিন প্রধানমন্ত্রী!” পাকিস্তানের সরাসরি হুঁশিয়ারি সত্ত্বেও কেন চুপ কেন্দ্র?




