লর্ডসে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ। আপাতদৃষ্টিতে এই ম্যাচেই সিরিজের ফয়সালা হওয়ার কথা। কিন্তু ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এখন চলছে অন্য আলোচনা। যার বিষয়, এটাই কি রোহিত শর্মার ভারতের জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে?
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটি নাকি ইতিমধ্যেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা শুরু করেছে। সেই পরিকল্পনায় আর রোহিত শর্মাকে রাখা হয়নি বলেই জানা গিয়েছে। ফলে লর্ডসের ম্যাচটিই ৩৯ বছর বয়সি তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
একটি সূত্রের খবর, রবিবার লন্ডনে পৌঁছচ্ছেন রোহিতের পরিবারের সদস্যরাও। হয়তো তাঁদের উপস্থিতিতেই এই আবেগঘন ঘোষণা করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ভারতীয় ক্রিকেটের অন্দরের একটি সূত্রের দাবি, ইংল্যান্ড সফর শুরুর আগেই নির্বাচকরা রোহিতের সঙ্গে বৈঠক করে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীরও। বোর্ডের ভাবনা স্পষ্ট— ২০২৭ বিশ্বকাপের আগে তরুণদের নিয়মিত সুযোগ দিয়ে নতুন দল গড়ে তোলা হবে।
সূত্রটি জানিয়েছে, নির্বাচকেরা রোহিতকে জানিয়ে দিয়েছেন যে ইংল্যান্ড সফরের পর ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি আর নেই। এই সিরিজের পর তাঁরা নতুনদের নিয়ে এগোতে চান। যদিও রোহিত খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন, বিশেষ করে নিজের ফিটনেস নিয়ে অনেক পরিশ্রম করার পর। শেষ সিদ্ধান্তটা অবশ্য তাঁর হাতেই ছেড়ে দেওয়া হয়েছে।
বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়ালকে দীর্ঘমেয়াদে একদিনের ক্রিকেটে নিয়মিত সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। ২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স ৪০ পেরিয়ে যাবে। সেই কারণেই এখন থেকেই ভবিষ্যতের দল গড়ার রাস্তায় হাঁটতে চাইছে নির্বাচক কমিটি।
রোহিতের সাম্প্রতিক ফর্মও প্রশ্নের মুখে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম দুই ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১১ এবং ২৬ রান। গত ১১টি ওয়ান ডে ইনিংসেও সেঞ্চুরি নেই ভারতীয় ওপেনারের। এমন পরিস্থিতিতেই তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
তবে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক অবশ্য এই জল্পনার মধ্যে রোহিতের পাশেই দাঁড়িয়েছেন। তাঁর মতে, ‘হ্যাঁ, রোহিত রান পায়নি। কিন্তু একজন অভিজ্ঞ ক্রিকেটারের ক্ষেত্রে এমন সময় আসতেই পারে। ওর মতো ক্রিকেটার যে কোনও সময় ঘুরে দাঁড়াতে পারে’।
যদিও বিসিসিআই এখনও সরকারি ভাবে রোহিতের অবসর বা তাঁকে বিশ্বকাপের পরিকল্পনা থেকে বাদ দেওয়ার বিষয়ে কোনও ঘোষণা করেনি। অন্যদিকে, রোহিতও মুখ খোলেননি। ফলে লর্ডসে তিনি আদৌ ভারতের জার্সিতে শেষবার নামবেন কি না, তার উত্তর মিলবে আগামী দু’দিনের মধ্যেই। তবে ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসানের সম্ভাবনা যে ক্রমশ জোরালো হচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই।




