• facebook
  • twitter
Monday, 2 March, 2026

ইডেনে সেমিফাইনালে খেলবে নিউজিল্যান্ড, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

ইডেনে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতলেও বিশ্বকাপে কিন্তু প্রোটিয়াদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে ইডেনেই সেমিফাইনাল খেলেছিল তারা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

জল্পনার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি সেমিফাইনাল পাচ্ছে কলকাতার ইডেন উদ্যান। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন উদ্যানে নামবে নিউজিল্যান্ড। ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই প্রসঙ্গে বলা যায়, গত নভেম্বরে কলকাতার এই স্টেডিয়ামেই দু’ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতকে হারিয়েছিল তারা। পয়া এই মাঠ থেকেই তাই বিশ্বকাপের ফাইনালে উঠতে মরিয়া তেম্বা বাভুমার দল।

রবিবার সুপার এইটের শেষ ম্যাচে দিল্লিতে জিম্বাবোয়ের বিপক্ষে সহজেই ম্যাচ জিতলো প্রোটিয়ারা। নিয়মরক্ষার ম্যাচে কার্যত সেমিফাইনালের প্রস্তুতি সারলেন আইডেন মার্করাম, ডেওয়াল্ড ব্রেভিস’রা। জিম্বাবোয়ের ১৫৩ রানের জবাবে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। এদিকে, সুপার এইটে উঠলেও পরপর তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে জিম্বাবোয়েকে। তবে, সব ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে যাওয়ার ছাড়পত্র পেল দক্ষিণ আফ্রিকা।

Advertisement

রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে। তবে, দ্বিতীয় ওভার থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সিকান্দার রাজা’র দল। একটা সময় ৮৭ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো ঢুকেছিল তারা। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক রাজা। ৪৩ বলে ৭৩ রান করেন তিনি। মূলত, তাঁর ব্যাটে ভর করেই প্রোটিয়াদের সামনে ১৫৩ রানের টার্গেট দিয়েছিল জিম্বাবোয়ে। ব্যাট করতে নেমে শুরুতে পরপর কয়েকটা উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলের হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস এবং ডেভিড মিলার। তাঁদের ৪০ রানের জুটি ম্যাচে ফিরিয়ে আনে প্রোটিয়াদের। শেষপর্যন্ত, ১৭.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।

Advertisement

তবে, ইডেনে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতলেও বিশ্বকাপে কিন্তু প্রোটিয়াদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে ইডেনেই সেমিফাইনাল খেলেছিল তারা। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। যদিও, এবার সেই হিসেবে বদলাতে মরিয়া তারা। সামনে নিউজিল্যান্ড থাকলেও প্রত্যয়ী তেম্বা বাভুমার দল। ই, এখন দেখার বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে তারা আদৌ ফাইনালের টিকিট আদায় করতে পারে কি না ?

Advertisement