সৌরভের পরামর্শেই ইরানি কাপে কোচ হওয়ার প্রস্তাবে ‘হ্যাঁ’ লক্ষ্মীরতনের, কী পরামর্শ দিলেন ‘দাদা’?

Photo: Representational Image

ইরানি ট্রফিতে অবশিষ্ট ভারতীয় একাদশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে খুশি লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla) । এটা যে একটা বড় দায়িত্ব, তা স্বীকার করে নিয়েই তিনি বলেন, ‘চেষ্টা করব নিজের সেরাটা দিতে এবং বাংলার নাম উজ্জ্বল করতে। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা যথাযথ ভাবে পালন করাই আমার লক্ষ্য’।

বাংলার রঞ্জি ট্রফির দলের কোচ ও প্রাক্তন অধিনায়ক শুক্লাকে (Laxmi Ratan Shukla) এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর পাওয়া গিয়েছে। বোর্ডের তরফে সিএবি-কেও জানিয়ে দেওয়া হয়েছে, তিনি যেন ইরানি কাপের ম্যাচের আগে শ্রীনগরে পৌঁছে যান। আগামী ২৮ সেপ্টেম্বর সেই দায়িত্ব পালনের জন্য রওনা হচ্ছেন তিনি।

দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন শুক্লা (Laxmi Ratan Shukla) । বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ওড়িশা তথা ভারতীয় দলের প্রাক্তন পেসার দেবাশিস মোহান্তি। দুজনে মিলেই অবশিষ্ট ভারতীয় একাদশের ক্রিকেটারদের প্রশিক্ষণ দেবেন বলে ‘দৈনিক স্টেটমেন্ট ডিজিটাল’-কে জানালেন শুক্লা (Laxmi Ratan Shukla) । তিনি বলেন, ‘আমি যতদূর জানি, আমাদের দুজনকেই দলের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। দেবাশিস আমার চেয়ে সিনিয়র। ও বোলিংটা দেখবে, আমি ব্যাটিংয়ের দিকটা সামলাব। আশা করি দুজনে মিলে ঠিকঠাকই কাজ করব’।


আরও পড়ুন: বৈভবকে কড়া চ্যালেঞ্জ নিউজিল্যান্ড কোচের, ‘পেস-বাউন্সি পিচে ওকে দেখতে চাই’

ইরানি ট্রফিতে প্রতি বছর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়নদের সঙ্গে অবশিষ্ট ভারতীয় দলের মধ্যে পাঁচ দিনের ম্যাচ হয়। এ বছর এই ম্যাচ হবে ১ থেকে ৫ অক্টোবর, শ্রীনগরে। অবশিষ্ট ভারতীয় দলও ঘোষণা হয়ে গিয়েছে। এই দলের অধিনায়ক ঋষভ পন্থ। এ ছাড়াও এই দলে রয়েছেন সনৎ সাঙ্গোয়ান, শিখর মোহন, সুদীপ ঘরামি, সরফরাজ খান (সহ-অধিনায়ক), স্মরণ রবিচন্দ্রন, মানব সুথার, সারাংশ জৈন, আকাশ দীপ, মুকেশ কুমার, মুকেশ চৌধুরী, আরিয়ান জুয়াল (উইকেটরক্ষক), আরিয়ান পাণ্ডে, অনুকূল রায় ও আয়ুষ দোসেজা। অর্থাৎ, ঋষভের নেতৃত্বাধীন এই দলেরই ব্যাটিং কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা।

ঋষভের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকলেও একে অপরকে চেনেন বলে জানান শুক্লা (Laxmi Ratan Shukla) । বলেন, ‘আমরা একে অপরকে চিনি। দেখা হলে কথাবার্তা হয়। এখানে সবাই পেশাদার। কী ভাবে পরষ্পরের সঙ্গে বোঝাপড়া তৈরি করে কাজ করতে হয়, তা সবাই জানি। অসুবিধা হবে না। আমি আমার অভিজ্ঞতা দলের সবার সঙ্গে ভাগাভাগি করে নেব। যতটুকু জানি, শিখেছি, ততটুকু ওদের শেখাব। কারো সমস্যা হলে তার সমাধান করার চেষ্টা করব। আর ঋষভ ও দেবাশিসের সঙ্গে মিলে দলের পরিকল্পনাও তৈরি করব। আশা করি ভালই হবে’।

গত মরসুমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে জম্মু ও কাশ্মীর। রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার পথে ঘরের মাঠে সেমিফাইনালে তারা বাংলাকে হারিয়েছিল। বাংলা দলের কোচ হিসাবে জম্মু ও কাশ্মীরকে সেই ম্যাচে দেখে নিয়েছেন পারেননি লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla) । এ বার ফের সেই জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধেই ফের কোচের ভূমিকায় তিনি। এই অভিজ্ঞতা কাজে লাগবে বলে জানান শুক্লা (Laxmi Ratan Shukla) । বলেন, ‘ওদের কে কেমন খেলে, আমি জানি। কারণ, ওদের বিরুদ্ধে খেলেছি আমরা। এই অভিজ্ঞতাটা কাজে লাগবে আমার। চেষ্টা করব এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরানি কাপে সফল হতে’।

এই ম্যাচে নজর থাকবে জাতীয় নির্বাচকদেরও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল গড়ার আগে এই ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে নির্বাচকদের। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে কোচের দায়িত্ব পাওয়াটা শুক্লার কাছেও যথেষ্ট সন্মানের।

আরও পড়ুন: বিশ্বকাপের পর অবসর নেওয়ার কথা ভেবেছিলেন রোনাল্ডো, কেন সিদ্ধান্ত বদলালেন জানালেন নিজেই

বাংলা থেকে অদূর অতীতে সম্ভবত কেউ কখনও এই সন্মান পাননি। তাই দায়িত্বটা অনেক বেশি বলে মনে করছেন শুক্লা (Laxmi Ratan Shukla) । বলেন, ‘অবশ্যই চেষ্টা করব ভাল কিছু করে বাংলার মান বজায় রাখতে। বাংলার ক্রিকেটের ভাল চিরকাল চেয়ে এসেছি। এখনও চাই। আমার ওপর আস্থা রেখে যখন এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে বোর্ড, তখন সেই আস্থার দাম তো দিতেই হবে আমাকে’।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এই দায়িত্ব নেওয়ার প্রস্তাব আসার পর তিনি সিএবি সভাপতি ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পরামর্শ নেন শুক্লা। সেই বিষয়ে বলেন, ‘গতকাল (বুধবার) বোর্ডের ফোন পাওয়ার পর দাদি-কে জিজ্ঞেস করেছিলাম, বোর্ডের এই প্রস্তাবটা নেওয়া উচিত কি না। তাতে দাদি বলে, চোখ-কান বুজে নিয়ে নাও। কারণ, এটা একটা বড় সন্মান। তার ওপর সামনে রঞ্জি ট্রফি আসছে। এই দায়িত্ব পালন করলে যে অভিজ্ঞতা হবে, তা রঞ্জিতেও খুব কাজে লাগবে। দাদির এই পরামর্শ পেয়েই বোর্ডকে ‘হ্যাঁ’ করে দিই’।

এ বার কোচ লক্ষ্মীরতন শুক্লর (Laxmi Ratan Shukla) সামনে একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জিততে পারলে অদূর ভবিষ্যতে বোর্ডের ডাক ফের আসতে পারে। তবে সেই ডাকের কথা এখন ভাবছেনই না শুক্লা (Laxmi Ratan Shukla) । সাফ জানিয়ে দিলেন, ‘আপাতত আমি এই দায়িত্ব নিয়েই বেশি ভাবছি। পরে কী হবে, তা পরে ভাবা যাবে। এখন আমার পাখির চোখ ইরানি কাপ। তার পরে রঞ্জি ট্রফিতে বাংলার ম্যাচ’।

কাকতালীয় হলেও সত্যি যে, ইরানি কাপের অধিনায়ক ঋষভ পন্থেরই দল দিল্লির বিরুদ্ধে বাংলা এ বার রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নামবে। সেই ম্যাচের আগে ঋষভের সঙ্গে কাজ করে তাঁর ব্যাপারেও ভাল ধারনা করে নিতে পারবেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla) ।

দেখুন: ‘৪৮ ঘণ্টার মধ্যে ইস্তফা না দিলে দেশজুড়ে প্রতিবাদ’, জ্ঞানেশকে হুঁশিয়ারি সিজেপির